বিপদে দক্ষিণ আফ্রিকা

একটি জুটিই ব্যাকফুটে ঠেলে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ৯৮ রানে ৪ উইকেট হারানো অস্ট্রেলিয়াকে বিপর্যয় থেকে টেনে তুলেছে পঞ্চম উইকেটে শন মার্শ ও স্টিভেন স্মিথের জুটিটা। এই জুটিতে আসা ২৩৩ রানের ওপর ভর করেই সেঞ্চুরিয়ন টেস্টে প্রোটিয়াদের বিপক্ষে অস্ট্রেলিয়া তুলেছে ৩৯৭ রান। মাত্র ২ রানের জন্য দেড় শ হয়নি শন মার্শের (১৪৮)। তবে সেঞ্চুরি পেয়েছেন স্টিভেন স্মিথ (১০০)।
জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা বিপদের মুখে। ৬ উইকেটে ১৪০ রানে সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছে তারা। দক্ষিণ আফ্রিকা আসলে আরও বড় বিপদেই পড়েছিল। স্কোরবোর্ডে ৪৩ জমা হতে না হতেই হারিয়ে ফেলেছিল ৪ উইকেট। পঞ্চম উইকেটে জেপি ডুমিনিকে নিয়ে ৬৭ রানের জুটি গড়ে একটা প্রতিরোধের চেষ্টা করেছিলেন এবি ডি ভিলিয়ার্স।
ভিলিয়ার্সকে লড়াইয়ের নিঃসঙ্গ মঞ্চে ফেলে রেখে ডুমিনির পর বিদায় নিয়েছেন রায়ান ম্যাকলারেনও। ৫২ রানে অপরাজিত ভিলিয়ার্সই এখন শেষ ভরসা প্রোটিয়াদের। ফলোঅন এড়াতেই এখনো ৫৮ রান চাই দক্ষিণ আফ্রিকার।
দক্ষিণ আফ্রিকা শিবিরে কাঁপন ধরিয়েছেন মিচেল জনসন। অ্যাশেজের ফর্ম এই সিরিজেও টেনে এনে ৫১ রানে তুলে নিয়েছেন ৪ উইকেট। অন্য উইকেট দুটি পিটার সিডল ও নাথান লায়নের।
এর আগে অস্ট্রেলিয়ার ইনিংসে ডেল স্টেইনই ছিলেন দক্ষিণ আফ্রিকার সেরা বোলার। ৭৮ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। এ ছাড়া রায়ান ম্যাকলারেন ও রবিন পিটারসন ২টি এবং মরনে মরকেল ও ভারনন ফিল্যান্ডার তুলে নিয়েছেন একটি করে উইকেট। মার্শ-স্মিথ জুটি ছাড়া সেভাবে কেউ দাঁড়াতেও পারেনি। ৯৮ রানে যেমন অস্ট্রেলিয়া প্রথম ৪ উইকেট হারিয়েছে, একইভাবে ৬৬ রানে হারিয়েছে শেষ ৬ উইকেটও। ওই একটা জুটিই আসলে সর্বনাশ করেছে দক্ষিণ আফ্রিকার। এএফপি, ক্রিকইনফো।