বিপন্ন ফাস্ট বোলার ও টেস্ট
এমনিতেই তারা বিলুপ্তপ্রায় প্রজাতি। ব্যাটসম্যানদের অতিরিক্ত প্রাধান্য দেওয়া, নিষ্প্রাণ উইকেট আর অতিরিক্ত ক্রিকেটের চাপে ক্রিকেটে জেনুইন ফাস্ট বোলারদের এখন দেখাই যায় না বলতে গেলে। ইমরান খানের ধারণা, এখনই কোনো ব্যবস্থা না নিলে ফাস্ট বোলাররা অচিরেই ডাইনোসরের মতো পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে। ফাস্ট বোলারদের রক্ষায় একটা ‘ব্যবস্থাপত্রও’ দিয়েছেন সাবেক ফাস্ট বোলার—কমাতে হবে ক্রিকেটের মাত্রা। প্রয়োজনে ৫০ ওভারের ক্রিকেটকেই ফেলে দিতে হবে বাতিলের খাতায়।মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) নিয়মিত বার্ষিক আয়োজন ‘এমসিসি স্পিরিট অব ক্রিকেট কলিন কাউড্রে লেকচার’-এর এবারের বক্তা ছিলেন ইমরান। পরশু লর্ডসে ৩০ মিনিটের বক্তৃতায় ফাস্ট বোলারদের রক্ষার রেসিপি দিলেন সাবেক পাকিস্তান অধিনায়ক, ‘৫০ ওভারের ক্রিকেটটা হয়তো পুরোপুরিই বাদ দিতে হবে। রাখতে হবে শুধু টেস্ট ক্রিকেট আর টি-টোয়েন্টি ক্রিকেট। এখন ফাস্ট বোলারদের ওপর চাপটা অবিশ্বাস্য। কিন্তু ফাস্ট বোলারদের ছাড়া তো ক্রিকেট আর ক্রিকেট থাকবে না! ব্যাটসম্যানদের যদি ফাস্ট বোলারদের বিপক্ষে পরীক্ষাই না দিতে হয়, তাহলে টেস্ট ক্রিকেটের সেই মানটা আর থাকবে না। টি-টোয়েন্টিতে শন টেইটকে বোলিং করতে দেখে মনে হলো যেন কোনো এলিয়েন (ভিনগ্রহের প্রাণী) চলে এসেছে—ব্যাটসম্যানরা রীতিমতো খাবি খাচ্ছিল।’শন টেইট, শহীদ আফ্রিদির মতো বেশ কিছু ক্রিকেটারই গত কিছু দিনে টেস্টকে বিদায় জানিয়ে শুধু ওয়ানডে ও টি-টোয়েন্টির দিকে মনোযোগ দিয়েছেন। টেইট তো আবার বিদায় বলে দিয়েছেন প্রথম শ্রেণীর ক্রিকেটকেও, খেলছেন শুধু সংক্ষিপ্ত পরিসরের ক্রিকেটই। একের পর এক প্রতিভাবান এভাবে টেস্ট থেকে সরে দাঁড়ানোয় শঙ্কিত ৩৬২ টেস্ট উইকেট ও ৩৮০৭ রানের মালিক, ‘একজন ক্রিকেটারের সত্যিকারের ‘‘টেস্ট’’ হলো টেস্ট ক্রিকেট, কারণ তাঁর প্রতিভা ও কৌশলের চূড়ান্ত পরীক্ষাটা এখানেই হয়। টি-টোয়েন্টিতে হয়তো শুধু প্রতিভা দিয়েই পার পাওয়া যায়। কিন্তু টি-টোয়েন্টিতে ভালো করা মানেই টেস্ট ক্রিকেটে ভালো করার নিশ্চয়তা নয়।’ইমরানের সময়টা ছিল ফাস্ট বোলারদের স্বর্ণযুগ। পাকিস্তান দলে তাঁর সঙ্গে ছিলেন সরফরাজ নেওয়াজ, ওয়েস্ট ইন্ডিজে ছিলেন মার্শাল-হোল্ডিং-রবার্টস-গার্নাররা, অস্ট্রেলিয়ায় লিলি-টমসন। আসল ফাস্ট বোলার প্রায় নেই বলেই এখনকার টেস্ট ক্রিকেটের মান নিয়ে সন্দিহান ইমরান। তবে তাঁর মতে, আজকের ক্রিকেট প্রযুক্তিগত দিক থেকে অনেক এগিয়েছে। ক্রিকেটে নিরপেক্ষ আম্পায়ারের দাবি প্রথম তুলেছিলেন ইমরানই। এখন তাঁর দাবি প্রযুক্তির ব্যবহার আরও বাড়াতে, ‘আমি যখন খেলেছি, তখনো ক্রিকেটের সত্যিকারের চেতনা সবসময় অনুসৃত হয়নি। ভারত-পাকিস্তান ম্যাচে অনেক তিক্ততার সৃষ্টি হতো। পরিস্থিতির যে কী অবনতি হয়েছিল, কল্পনাও করতে পারবেন না। নিরপেক্ষ আম্পায়ার আসায় পরিস্থিতি বদলে যায়। প্রযুক্তির আগমনও অনেক বিতর্ক সরিয়ে দিয়েছে। ফলাফল এখন অনেক ন্যায্য। প্রযুক্তির আরও ব্যবহারে এর আরও উন্নতি হবে।’ ওয়েবসাইট।