বিপরীত দুটি দিন শেষে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেটে দুজনের লড়াইটা বেশ জমত। আবুল হাসানকে দুই ওভারে ২০-২৫ রানের লক্ষ্য দিতেন শেন জার্গেনসেন। কখনো জার্গেনসেন জিততেন, কখনো হাসান। তাই বলে টেস্ট অভিষেকে ১০ নম্বরে নেমে সেঞ্চুরি! বিস্ফোরিত দৃষ্টি আর মুগ্ধতা নিয়ে হাসানের অবিশ্বাস্য কীর্তি দেখেছেন বাংলাদেশ কোচ। চোখে যা দেখলেন সেটা যেন বিশ্বাস হতে চায় না। রাতে হোটেলে ফিরে নিভৃতে জার্গেনসেন ভাবেন, হাসান এটা কী করল!এমন রোমাঞ্চকর একটা দিন শেষে আবার কঠিন বাস্তবতা। বাংলাদেশের জন্য বৈপরীত্যে ভরা দুটি দিন। নবম জুটির অবিশ্বাস্য যাত্রা থমকে গেছে দ্রুতই। বল হাতেও ভালো শুরুর পর নিষ্ফলা দুটি সেশন। উইকেটে বোলারদের মাথা কুটে মরা। নুয়ে পড়া শরীরী ভাষা, অধিনায়কত্বে উদ্ভাবনী ক্ষমতার অভাব। দুই শ ছুঁই-ছুঁই অবিচ্ছিন্ন জুটি। হাসানের ‘আঘাত’ সামলে আবার ম্যাচের নিয়ন্ত্রণ ওয়েস্ট ইন্ডিজের হাতে। টেস্ট ক্রিকেটের পরতে পরতে কতটা রোমাঞ্চ আর বিস্ময়, সেটা তো ঢাকা টেস্টই দেখিয়েছে। দ্বিতীয় দিন শেষেই টেস্টের ভবিষ্যৎ বলে দেওয়া মুশকিল। তবে গতিপথটা অনুমান করা যায়। কোন দিকে গড়াচ্ছে ম্যাচ?একটা ধারণা হয়তো দেয় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের ধরন। ব্যাটিং উইকেটে ব্রাভো আর স্যামুয়েলসের মতো দুজন স্ট্রোকমেকার দুই সেশনের বেশি উইকেটে থেকেছেন, তার পরও ইনিংসের রানরেট ২.৯৩। ওয়েস্ট ইন্ডিজের এই দলের জন্য একটু বিস্ময়কর! তবে ম্যাচের গতিপথ কি এখান থেকেই করা যায় না! উইকেট ব্যাটিং উপযোগী হলেও খানিকটা মন্থর। এখানে চতুর্থ ইনিংসে ব্যাট করা বা ব্যাট করলেও মাঝারি কোনো লক্ষ্য তাড়া করাও কঠিন হতে পারে। ওয়েস্ট ইন্ডিজের চাওয়া তাই প্রথম ইনিংসেই রানের পাহাড় গড়ে বাংলাদেশকে চাপে ফেলা। দুই ওপেনারকে দ্রুত হারানোর পর উচ্চাভিলাষী শট খেলার চেয়ে উইকেটে পড়ে থেকে বড় জুটি গড়াতেই মন দিয়েছেন স্যামুয়েলস ও ব্রাভো। এখন পর্যন্ত দারুণ সফলও তাঁরা। রানের গতি মন্থর হতে পারে, কিন্তু হাতে সময়ও তো যথেষ্ট আছে। বাংলাদেশ দ্রুত রান তোলায় সময় নিয়ে বাড়তি ভাবনা নেই!দিন শেষে লক্ষ্যটার কথা খোলাখুলি বলেও দিলেন ড্যারেন সামি, ‘এমনিতে আমরা দ্রুতই রান করি। উইকেটও মনে হচ্ছে দারুণ ব্যাটিং উপযোগী। তবে ওরা দুজন দীর্ঘক্ষণ ব্যাট করছে, উইকেটের চরিত্র, রানের গতি সবকিছু খুব ভালোই জানে ওরা। গুরুত্বপূর্ণ হলো, এই ম্যাচে একবার ব্যাটিং করা। এই জুটি যদি কালও (আজ) খেলে যেতে পারে, এরপর শিব (চন্দরপল) আছে, আমাদের লক্ষ্য পূরণ হওয়ার ভালো সম্ভাবনা আছে।’৮ উইকেট হাতে নিয়ে ১৪৬ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ। স্যামির চাওয়া প্রথম ইনিংসে দুই শর মতো লিড নেওয়া, ‘আমাদের আগামীকালের (আজ) ব্যাটিয়ের ওপরই নির্ভর করবে ম্যাচটা কোন দিকে গড়াবে। যদি আমাদের সামর্থ্য অনুযায়ী ব্যাটিং করতে পারি, আশা করি ৫০০-৬০০ রান করে ফেলব। দুই শ রানের মতো লিড নিয়ে চেষ্টা থাকবে দ্রুত ওদের ১০ উইকেট ফেলা।’মুদ্রার উল্টো পিঠে বাংলাদেশ। বিস্ময়কর হলেও সত্যি, কালকের দিন থেকে অনুপ্রেরণা নিয়েই দলকে আজ উজ্জীবিত দেখতে চান শেন জার্গেনসেন। ৮২ ওভারে জুটেছে মাত্র দুটি উইকেট, সেটাও ইনিংসের শুরুতে। কিন্তু বোলারদের পারফরম্যান্সে খুশি বাংলাদেশের ভারপ্রাপ্ত কোচ, ‘বোলাররা যেভাবে পরিকল্পনা অনুযায়ী বোলিং করেছে, আমি ওদের নিয়ে গর্বিত। আমাদের ফিল্ডিং তো ছিল দুর্দান্ত। আজ যা হয়েছে সেটাই কাল (আজ) আরেকটু ভালো করে দেখতে চাই। দ্রুত উইকেট নিতে হবে আমাদের, এরপর চাপ সৃষ্টি করতে হবে। একজন ভালো বোলিং করছে, কিন্তু আরেক প্রান্ত থেকে দেদার রান উঠছে, এমনটা হতে দেওয়া যাবে না।’জার্গেনসেনের পরিকল্পনা সফল ওই ‘দেদার রান’ না দেওয়াতেই, ‘উইকেটে বোলারদের জন্য কিচ্ছু নেই। খুব বেশি কিছু করার সুযোগ নেই এখানে। তার পরও আমাদের বোলাররা ওদের যথেচ্ছ রান করতে দেয়নি। পরিস্থিতি এর চেয়েও খারাপ হতে পারত। গেইল যদি টিকে থাকত, দেখা যেত দিন শেষে ওর রানই ১৫০, ওয়েস্ট ইন্ডিজ ৩৫০-৪০০ করে ফেলতে পারত। স্যামুয়েলস-ব্রাভোকে ফেরাতে না পারলেও বেঁধে রাখতে পেরেছে বোলাররা। কাল (আজ) একটা সময় তো ওদের হাত খুলতেই হবে। এর আগে পর্যন্ত আজকের মতোই বেঁধে রাখতে হবে।’কোচের দৃষ্টিভঙ্গি রক্ষণাত্মক মনে হলেও বাস্তবতা আসলে এটাই। বাংলাদেশের বোলিং সামর্থ্যে এই উইকেটে করার আছে সামান্যই। আজও তাই প্রতিপক্ষের ভুলের জন্য অপেক্ষা করা, বড়জোর ভুল করার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা থাকবে। স্যামি যেমন বলেছেন, আজকের দিনটাই হয়তো বেঁধে দেবে ম্যাচের গতিপথ।