বিপর্যয়ে ত্রাতা মুশফিক-নাসির
প্রথম দিন শেষেবাংলাদেশ ১ম ইনিংস: ১৮৮জিম্বাবুইয়ান একাদশ ১ম ইনিংস: ৪২/৪জিম্বাবুয়ে ক্রিকেট একাডেমির দ্বিতল ভবনটি মার্ক ভারমিউলেনের পাগলামিতে পুড়ে ছাই হয়ে গেছে অনেক দিন। ত্রয়োদশ ওভারে ৫ উইকেটে ৩১ রানের স্কোর বোর্ড দেখে মনে হচ্ছিল, বাংলাদেশের ইনিংসও পুড়ে ছাই!যেখানে একাডেমি ভবনটি ছিল, ঠিক সেখানেই ফিনিক্স পাখির মতো ছাই থেকে নতুন একটা ভবন মাথা তুলছে। বাংলাদেশ যেমন একটু তুলল ষষ্ঠ ও সপ্তম উইকেট জুটিতে। জিম্বাবুয়ের দ্বিতীয় সারির দলের বিপক্ষে ৬০.১ ওভারে ১৮৮ একদমই যাচ্ছেতাই। তবে ৫ উইকেটে ৩১ ও ৬ উইকেটে ৬৭ বলবে, খারাপ কী! মুখ রক্ষা করার মতো একটা স্কোর তো বটেই।প্রায় ছয় বছর পর টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনকে ঘিরে জিম্বাবুইয়ান ক্রিকেটে উৎসবের আবহ। যা অনেকের মনে ফিরিয়ে আনছে ১৯৯২ সালে টেস্ট অভিষেকের স্মৃতি। জিম্বাবুয়ের গৌরবের দিনের তিন সেনানী হিথ স্ট্রিক, গ্রান্ট ফ্লাওয়ার ও অ্যালিস্টার ক্যাম্পবেলের অনুভূতিতে আশ্চর্য মিল। একেকজন একেকভাবে বললেন। তবে সুর একটাই—৪ আগস্ট হারারে স্পোর্টস ক্লাব মাঠে পুনর্জন্ম হচ্ছে জিম্বাবুইয়ান ক্রিকেটের।একাডেমি মাঠে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ দেখতে জিম্বাবুইয়ান ক্রিকেটের ‘হুজ হু’ তাই মাঠে হাজির। জিম্বাবুয়ে দলের সব খেলোয়াড়-কোচিং স্টাফ তো বটেই, বোর্ড প্রেসিডেন্ট পিটার চিঙ্গোকা পর্যন্ত। বাংলাদেশের ব্যাটসম্যানরা তাঁদের আশাবাদী করে তুলতে যত দূর সম্ভব করলেন। শূন্য রানে আউট হওয়ার একটা প্রতিযোগিতাই হয়ে গেল। যাতে শেষ পর্যন্ত যৌথভাবে বিজয়ী তিনজন—জুনায়েদ সিদ্দিক ০মোহাম্মদ আশরাফুল ০সাকিব আল হাসান ০ইমরুল কায়েসের ৮ ও শাহরিয়ার নাফীসের ১০ রান এর মধ্যে একটু ‘বেসুরো’ হয়েই বাজল!দীর্ঘ পরিসরের ম্যাচের সঙ্গে দীর্ঘদিনের বিচ্ছেদ, সঙ্গে নাকে বলের সুবাস দিয়ে যাওয়া বাউন্সি উইকেটে অসহায়ত্বের মধ্যে ব্যতিক্রম হয়ে থাকলেন মুশফিকুর রহিম। ৩ ঘণ্টা ৬ মিনিট উইকেটে স্বচ্ছন্দ বিচরণ করে ৬৪ রান। মাহমুদউল্লাহ ও নাসির আহমেদের সঙ্গে পরপর দুই উইকেটে ৩৬ ও ৭২ রানের দুটি জুটিতেই মুখরক্ষা।বাংলাদেশ দল থেকে প্রস্তুতি ম্যাচটাকে আক্ষরিক অর্থে নেওয়ার প্রস্তাবে জিম্বাবুয়ে রাজি হওয়ায় প্রতি দলে ১২ জন খেলোয়াড়। নাজমুল শুধুই বোলিং করছেন। ১২ জনের দলেও নাসিরের জায়গা হতো না, যদি তামিম ইকবালের মাত্রই সেরে ওঠা কুঁচকিকে আর একটু বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত না হতো। সেই নাসিরই বাংলাদেশের ইনিংসে দ্বিতীয় সেরা। রান সংখ্যাতে যেমন, ব্যাটিং করার ধরনেও।সকালে বাংলাদেশের ব্যাটসম্যানদের যাওয়া-আসা দেখতে দেখতে মাঠের বাইরে বসে খেলা দেখতে থাকা জিম্বাবুয়ের বাঁহাতি পেসার ব্রায়ান ভিতরি হাসতে হাসতে বলছিলেন, ‘এটা কি এত শট খেলার উইকেট! বাংলাদেশের ব্যাটসম্যানরা কি মনে করছে, ঢাকাতেই খেলা হচ্ছে?’আশরাফুলের আগে টেস্ট অভিষেকে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার রেকর্ড ছিল যাঁর, সেই হ্যামিল্টন মাসাকাদজা জানালেন, ‘এটা জিম্বাবুয়ের সবচেয়ে বাউন্সি উইকেট। হারারে স্পোর্টস ক্লাবের উইকেটে বল হয়তো আরেকটু বেশি মুভ করবে, তবে এত বাউন্স হবে না।’বাংলাদেশ দল অবশ্য ব্যাটিং-দুর্গতির জন্য উইকেটের চেয়েও বেশি দায়ী করছে দীর্ঘ ভ্রমণের ক্লান্তিকে। অধিনায়ক সাকিব আল হাসান জিম্বাবুয়েতে নেমেই বলে দিয়েছেন, ভ্রমণক্লান্তি, একটি প্র্যাকটিস সেশনের পরই ম্যাচ খেলতে নেমে পড়া—এসব তিনি মাথায়ই আনতে চান না। না আনতে চাইলেও আসে। লাঞ্চের সময় ৫ উইকেটে ৫৩ রানের স্কোর বোর্ডে দিকে তাকিয়ে আক্ষেপ করলেন, ম্যাচ খেলতে নামার আগে আর দু-তিনটি প্র্যাকটিস সেশন হলেও হতো। দলের সঙ্গে আসা নির্বাচক হাবিবুল বাশারের চাওয়া আরেকটু বেশি, ‘আরেকটি প্রস্তুতি ম্যাচ পেলে খুব ভালো হতো।’সেটি না হওয়ায় জিম্বাবুয়ের অনাগ্রহ একটা কারণ। আরেকটি কারণ আগে এলে বাড়তি খরচের কিছুটা বিসিবিকেই বহন করতে হতো। ১৪ মাস টেস্ট ক্রিকেটের সঙ্গে অপরিচয়ের কথা মাথায় রেখে বিসিবির তাতে রাজি হয়ে যাওয়াই উচিত ছিল। সফরসূচি চূড়ান্ত করার সময়ই কেন ব্যাপারটা ভাবা হয়নি, সেটিও একটা প্রশ্ন বটে।হাবিবুল বাশার অবশ্য আশা করছেন, দ্বিতীয় ইনিংসেই ব্যাটসম্যানরা গুছিয়ে উঠবেন। আশাবাদ সত্যি হলেই ভালো। টেস্ট ম্যাচের আগে একটু আত্মবিশ্বাসের জ্বালানি জোগাড়ের শেষ সুযোগ তো ওটাই।