বিপর্যয়ের অবসান চান পন্টিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়টা সত্যিই খারাপ যাচ্ছে অস্ট্রেলিয়ার। ভারত সফরে গিয়ে সব কটি ম্যাচেই হেরে ফিরে এসেছে পন্টিং বাহিনী। দেশের মাটিতেও একটি টি-টোয়েন্টি আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ হেরে ২৮ বছর পর নিজেদের মাটিতে শ্রীলঙ্কার কাছে প্রথমবারের মতো সিরিজ পরাজয় নিশ্চিত হয়ে গেছে অসিদের। এখন সামনে আছে হোয়াইটওয়াশের আশঙ্কা। সব ধরনের ক্রিকেট মিলিয়ে টানা সাতটি ম্যাচে জয়ের দেখা পায়নি তারা। অবধারিতভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি ক্রিকেটে অস্ট্রেলিয়ার প্রবল আধিপত্যের অবসান ঘটতে যাচ্ছে? অধিনায়ক রিকি পন্টিং অবশ্য এসব কথায় কান না দিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটের এ ভয়াবহ বিপর্যয়েরই অবসান ঘটাতে চান।শ্রীলঙ্কার কাছে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই হারের পর অস্ট্রেলিয়ান ক্রিকেটের সমালোচনায় মুখর হয়ে উঠেছে মিডিয়া ও সাবেক অসি ক্রিকেটাররা। পন্টিং নিজেও স্বীকার করেছেন, এ মুহূর্তে অস্ট্রেলিয়ান ক্রিকেট আর তার বর্তমান দলটা নিয়ে অনেকের মনেই হতাশা জন্মেছে। তবে আবারও জয়ের ধারায় ফিরে এ হতাশা দূর করতে চান পন্টিং। ‘আমাদের এখনো নিজেদের ওপর আস্থা আছে। আমরা আবার জয়ের ধারায় ফিরে আমাদের চেহারাটা বদলাতে চাই। আমরা সে সম্পর্কে খুবই সচেতন’, বলেছেন তিনি।কিন্তু আর কয়েক দিন পরেই যে শুরু হতে যাচ্ছে অ্যাসেজ সিরিজ। গত দুবার অ্যাসেজ জয়ের স্বাদ পাননি অসিরা। এবারও সিরিজ শুরুর আগে এমন বাজে ফর্ম কি সবাইকে চাপের মুখে রাখবে না? এমন প্রশ্নের মুখোমুখি হয়ে পন্টিং বলেছেন, ‘আমার মনে হয় না কেউ কোনো চাপ অনুভব করছে। আমরা ভালো অবস্থাতেই আছি, কিন্তু কোনো কারণে গুরুত্বপূর্ণ মুহূর্তে আমাদের সক্ষমতার পূর্ণ প্রয়োগ ঘটাতে পারছি না। আমি নির্দিষ্ট করে বলতে পারব না, কেন আমাদের পারফরমেন্স আরও ভালো হচ্ছে না।’ আবার এখনই অ্যাসেজ নিয়ে ভাবতেও চাচ্ছেন না পন্টিং। তাঁর মতে, সামনের খেলাগুলোর দিকে বেশি মনোযোগ দিয়ে ভাগ্য ফেরানোর চেষ্টা করাটাই এ মুহূর্তে বেশি জরুরি। দেখা যাক, কাল রোববার শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপর্যয়ের অবসান হয় কি না।—বিবিসি অনলাইন