বিপাকে টিটি-ব্যাডমিন্টন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএ গেমসের জন্য অনুশীলন শুরু করতে ফেডারেশনগুলোকে তাড়া দিচ্ছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। কিন্তু শুরুর আগেই বিপাকে পড়েছে টেবিল টেনিস ও ব্যাডমিন্টন ফেডারেশন। ৭ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে এসএ গেমসের জন্য অনুশীলন শুরুর কথা এই দুটি ফেডারেশনের।
কিন্তু খেলোয়াড়েরা যেখানে অনুশীলন করবেন সেই ভেন্যুটাই অপ্রস্তুত। পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামের ছাদ চুইয়ে অবিরাম পানি পড়ে। গত কদিনের ভারী বর্ষণে এটি আরও বেহাল। পর্যাপ্ত আলোও নেই। একরকম অন্ধকার ঘুপচি ঘরের মতো হয়ে পড়েছে জিমনেসিয়াম। মেঝের কাঠগুলো দীর্ঘদিন ধরেই অকেজো। জায়গায় জায়গায় ভেঙে গেছে। নতুনভাবে সংস্কারের মাত্র তিন বছরের মধ্যেই এই মেঝেতে খেলা অসম্ভব হয়ে পড়েছে। কোনো টুর্নামেন্ট শুরুর আগে এসব নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) নিয়মিতই দেনদরবার করে থাকেন কর্মকর্তারা। এবারও সম্প্রতি দুই ফেডারেশনের সাধারণ সম্পাদক যৌথভাবে আবেদনে জিমনেসিয়াম সংস্কারের পাশাপাশি নিচতলার চারটি কক্ষে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র বসানোর পরামর্শও দিয়েছেন। যাতে আবাসিক ক্যাম্পে থেকে খেলোয়াড়েরা অনুশীলন চালিয়ে যেতে পারেন সে জন্যই নতুন করে সংস্কারের দাবি তাঁদের। ভেন্যু নিয়ে বেশ চিন্তিত টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক হাসান মুনির, ‘একদিকে খেলোয়াড়দের দ্রুত অনুশীলন শুরুর কথা বলছে বিওএ, অন্যদিকে খেলোয়াড়দের অনুশীলনে এসে জিম থেকেই ফিরে যেতে হচ্ছে। অনুশীলনের সময় অন্তত ৫০০ লাক্স আলো প্রয়োজন। কিন্তু জিমনেসিয়ামের বাল্বগুলোর বেশির ভাগই নষ্ট। এভাবে কত দিন খেলোয়াড়েরা অলস সময় কাটাবে জানি না।’