বিপিএল আয়োজন নিয়ে আত্মবিশ্বাসী ছিল না বিসিবি, অনিশ্চিত ডিআরএস

এবারের বিপিএলে এখনো ডিআরএস নিশ্চিত করতে পারেনি বিসিবিছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ জানুয়ারি শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। তবে ছয় দলের এ টুর্নামেন্টে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) থাকবে কি না, সেটি এখনো নিশ্চিত করতে পারেনি বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলছেন, হক-আইয়ের লোকবল–সংকটের কারণেই ডিআরএস নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছেন তাঁরা। করোনাভাইরাস পরিস্থিতিতে বিপিএল আয়োজন নিয়ে নিশ্চিত ছিল না বিসিবি। ফলে আগে থেকে প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গেও যোগাযোগ করা হয়নি।

ডিআরএসের দুটি প্রযুক্তি—হক–আই (বল ট্র্যাকিং) ও আলট্রা-এজ বা স্নিকো (ব্যাটের এজ নির্ধারণের জন্য) সরবরাহ করে আলাদা দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান। তবে করোনাভাইরাস পরিস্থিতিতে হক-আইয়ের লোকবল অর্ধেকে নেমে এসেছে বলে জানিয়েছেন নিজাম উদ্দিন।

অবশেষে ফিরছে বিপিএল
ফাইল ছবি: প্রথম আলো

আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে নিজাম উদ্দিন বলেছেন, আন্তর্জাতিক ঠাসা সূচির কারণেও বিপিএলে হক-আই পাওয়া নিশ্চিত করতে পারেনি বিসিবি, ‘এই চ্যালেঞ্জগুলো বর্তমান পরিস্থিতির কারণে। কাল আমি ব্যক্তিগতভাবে আইসিসির সাথেও কথা বলেছি। কারণ, আইসিসিরও একটা ‘সোর্স’ আছে। আইসিসির বিভিন্ন ইভেন্টে যাঁরা কাজ করেন, তাঁদের সাথেও আমরা কাজ করেছি। আপনারা দেখছেন, প্রচুর আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে। হক–আই আমাদের যা বলেছে—৪০ থেকে ৫০ শতাংশ লোকবল কাজ করছে।’

এই লোকবল–সংকটের কারণেই বিপিএলে হক-আই পাওয়ার সম্ভাবনা কমে গেছে বিসিবির, ‘প্রযুক্তি আছে, কিন্তু লোকবল সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। তাদের মোট কর্মীর অর্ধেক কাজ করছেন। ফলে বণ্টন নিয়ে খুব চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। তারপরও তারা বলেছে, যেহেতু আমরা সরাসরি যোগাযোগ করছি, যদি কেউ আসতে পারে, তাদের ব্যবস্থা করা যায় কি না। সেভাবেই যোগাযোগ রাখছি।’

অবশ্য বিপিএলের ঠিক কদিন আগে কেন এ যোগাযোগ, সেটা নিয়ে আছে প্রশ্ন। তবে নিজাম উদ্দিন বলছেন, করোনাভাইরাস পরিস্থিতিতে বিপিএল আয়োজন করা নিয়ে আত্মবিশ্বাসী ছিল না বিসিবি, ‘এখানে তুলনার কিছু নেই (অন্য কোনো লিগের সঙ্গে)। একেক দেশের পরিস্থিতি একেক রকম। আমরা শেষ মুহূর্তে এসে সূচি দিয়েছি। করোনা পরিস্থিতিতে বিপিএল করা নিয়ে আমরা আত্মবিশ্বাসী ছিলাম না। এখন আয়োজন করা হলেও প্রোডাকশন টিম ডিআরএস নিশ্চিত করতে পারেনি।’

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে নিজাম উদ্দিন চৌধুরি
ছবি: বিসিবি

করোনাভাইরাসের নতুন ঢেউয়ে সরকারি বিধিনিষেধের কারণে দর্শক না থাকার ইঙ্গিত প্রথম আলোকে আগেই দিয়েছিলেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার। আজ নিজাম উদ্দিন জানিয়েছেন, সরকারের সঙ্গে কথা বলে দর্শক না রাখার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা, ‘দর্শকদের ব্যাপারটা আমরা চূড়ান্ত করেছি। সরকারের সঙ্গে কথা বলেছি। আমরা দর্শক উপস্থিতিকে নিরুৎসাহিত করছি। যদি পরিবেশ-পরিস্থিতি আমাদের অনুকূলে আসে, পরবর্তী রাউন্ডে সরকারের অনুমোদন সাপেক্ষে দর্শক অনুমোদনের চেষ্টা করব।’

ঢাকা, চট্টগ্রাম ও সিলেট—এ তিন ভেন্যুতে হবে এবারের বিপিএল। ১৮ ফেব্রুয়ারি হবে ফাইনাল, দিনে হবে দুটি করে ম্যাচ।