বিপিএল উৎসব এখন চট্টগ্রামে
নগরের জিইসি মোড়ে চিটাগং কিংসের বিশাল একটা ডিজিটাল ব্যানার। একটু দূরেই পেনিনসুলা হোটেল। সামনে বেলা তিনটা থেকেই কিশোর-তরুণের ভিড়। কিছুক্ষণের মধ্যেই এখানে আসবেন বিপিএলের ছয় দলের ক্রিকেটাররা। এই প্রথম চট্টগ্রামে এক ছাদের নিচে এত ক্রিকেটারের মিলনমেলা।চট্টগ্রামবাসী এই বিপিএলের জন্মরহস্যও চট্টগ্রামে লুকিয়ে বলে দাবি করতেই পারে। ২০০৯ সালে চট্টগ্রামেই প্রথম ক্রিকেটারদের নিলাম দেখেছিল বাংলাদেশের ক্রিকেট। পেশাদার টি-টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজনও। সেই পোর্ট সিটি ক্রিকেট লিগ (পিসিএল) ভালোই সাড়া জাগিয়েছিল। দেশি-বিদেশি তারকাদের নিয়ে পরের বছর সেই পিসিএল পাড়ি জমিয়েছিল মরূদ্যান শারজাতে। সেই পিসিএলকেই বলা যায় এই বিপিএলের উৎস।সেটির স্বীকৃতি হিসেবেই হোক কিংবা ক্রিকেট উন্মাদনার বিবেচনায় চট্টগ্রামও বিশ্বকাপ ক্রিকেটের মতো বিপিএলেরও যৌথ আয়োজক। আজ থেকে পাঁচ দিনের ক্রিকেট উৎসবে মাতবে চট্টগ্রাম। গত বছরের বিশ্বকাপ আসরের মতো না হলেও এখনই চট্টগ্রামে টি-টোয়েন্টির গরম হাওয়া বইতে শুরু করেছে।ঢাকায় টুর্নামেন্টের শুরুতে ম্রিয়মাণ থাকা বিপিএল যেন কাল চট্টগ্রামে পা রেখে প্রাণ পেল। বিমানবন্দরে দুপুর একটা থেকে বাদ্যযন্ত্র ও মোটরগাড়ির ভিড়। মোটরসাইকেল, গাড়ি ও ট্রাকভর্তি মানুষের মুখে দুটি নামই শুধু শোনা যাচ্ছিল—বিপিএল আর চিটাগং কিংস। বিমানবন্দরে সিটি করপোরেশন কাউন্সিলরদের ফুলেল অভ্যর্থনা গ্রহণের পর ছয় দলের ক্রিকেটাররা বাসে চড়ে বসলেন।র্যাব ও পুলিশের সাইরেন আর মোটর শোভাযাত্রাসহ রওনা দিল বিপিএলের গাড়িবহর। গন্তব্য পেনিনসুলা হোটেল। ২০ কিলোমিটারের পথ পেরোতে তাদের সময় লাগল এক ঘণ্টারও বেশি। পথে পথে ভক্ত সমর্থকদের উদ্দেশে হাত নেড়েছেন তারকা ক্রিকেটাররা।এদিকে অপেক্ষা আর সইছিল না হোটেলের সামনে অপেক্ষমাণ উৎসাহীদের। পুলিশের তৎপরতা বাড়ে। কিন্তু মাদ্রাসাছাত্র আলী হোসেন ও আরিফুল ইসলামের কাছ থেকে তারকা দেখার ইচ্ছার কাছে সেই বাধাও আর কী! আরিফুল বললেন, ‘তামিম আমার প্রিয়। তাঁকে দেখতে চাই, পাশাপাশি বিদেশি অনেককেও দেখতে পাব।’ গত চারটি ম্যাচে তামিম খেলছেন না বলে হতাশও তাঁরা দুজন।বিকেল চারটার দিকে পেনিনসুলার সামনে এসে থামল বিপিএলের গাড়িবহর। স্থানীয় দলটির সমর্থকেরা গাড়িবহর থেকে হোটেলের সামনে এসে স্লোগান ধরল ‘চিটাগং কিংস’ ‘চিটাগং কিংস’। অস্বাভাবিক কিছু নয়। একে তো স্বাগতিক দল, তার ওপর পাঁচ ম্যাচের চারটিতেই জিতে পয়েন্ট তালিকার শীর্ষেও চিটাগং কিংস।এরই মধ্যে এক এক করে নেমে আসতে লাগলেন ক্রিকেটাররা। তামিমের মতোই স্থানীয় দুই ক্রিকেটার আফতাব ও নাজিমউদ্দিনকে দেখে নাম ধরেই ভিড় থেকে চিৎকার। তবে ‘তামিম’ আর ‘আশরাফুল’ দর্শনের পর আওয়াজটা তুমুল হলো।ততক্ষণে হোটেলের সামনের সড়কটি মানুষের ভিড়ে বন্ধ হয়ে গেল। এই ভিড় পূর্বাভাস দিচ্ছে, চট্টগ্রামের গ্যালারি ঢাকার মতো খালি থাকবে না। এই আশা আয়োজকদেরও। বিপিএল গভর্নিং কাউন্সিলের সম্পাদক ও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ভেন্যু চেয়ারম্যান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বললেন, ‘চট্টগ্রামে পিসিএলও অনেক দর্শক পেয়েছিল। এবার বিপিএলেও দর্শক হবে। এখানকার দর্শকেরা ক্রিকেটপাগল। তা ছাড়া টিকিটের দামও কমেছে এবং স্থানীয় দল শীর্ষে অবস্থান করছে। টিকিট বিক্রি সন্তোষজনক বলে আমরা জেনেছি। আশা করি, একটি উৎসব হবে এখানে।’ঢাকা ব্যাংকের বিভিন্ন শাখা ছাড়াও চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম ও জহুর আহমেদ স্টেডিয়ামের কাউন্টারে বিপিএল চট্টগ্রাম উৎসবের টিকিট মিলছে।