বিপিএল একটি ‘সমস্যা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেদিন ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিলেন, সেদিন থেকেই নাকি বিপিএল তাঁর জন্য সমস্যা— আজ মিরপুরে সংবাদ সম্মেলনে এমন কথাই বললেন বিসিবির সভাপতি নাজমুল হাসান। তাই বলে, সমস্যার জের টেনে এই প্রতিযোগিতা বন্ধ করার কোনো পরিকল্পনা ক্রিকেট বোর্ডের নেই বলেও জানিয়েছেন তিনি।নাজমুল হাসান বলেন, ‘ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়ার পর থেকে বিপিএলের সমস্যাগুলো সমাধানেই আমার বেশি সময় যাচ্ছে। তবে সমস্যা হচ্ছে বলে বিপিএলই বন্ধ করে দিতে হবে, এমন কোনো কথা নেই। আমি নিশ্চিত, ভবিষ্যতে আমরা এসব সমস্যা সমাধান করতে পারব।’ ভবিষ্যতে বিপিএলের ফরম্যাটে পরিবর্তন আসছে বলেও জানান তিনি।একেবারে শুরুর দিন থেকে নানা সমস্যায় জর্জরিত টি-টোয়েন্টি ফরম্যাটে দেশের একমাত্র প্রতিযোগিতাটি। ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানার ক্রয়-বিক্রয়ে অস্বচ্ছতা নিয়ে অভিযোগ তো শুরু থেকেই ছিল। দুটি আসরে খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর টালবাহানা আন্তর্জাতিক অঙ্গনেও সুনাম ক্ষুণ্ন করেছে এ দেশের ক্রিকেটের। ক্রিকেট খেলোয়াড়দের আন্তর্জাতিক সংস্থা ফিকাও বিপিএলের পারিশ্রমিক নিয়ে খেলোয়াড়দের তিক্ত অভিজ্ঞতার বিষয়টি আমলে নিয়ে দ্বিতীয় আসরে খেলোয়াড়দের না খেলার আহ্বান জানিয়েছিল। এসবের সঙ্গে এবার যুক্ত হয়েছে ম্যাচ পাতানোর অভিযোগ। অভিযোগের তির খোদ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষের বিরুদ্ধে। খেলোয়াড়েরাও এই আসরের মাধ্যমে বিভিন্ন অনৈতিক প্রলোভনের মধ্যে পড়ছেন বলে বলা হচ্ছে। এমন এক পরিস্থিতিতে বিভিন্ন মহল বিপিএলকে বাংলাদেশের ক্রিকেটের জন্য ক্ষতিকর একটি আয়োজন হিসেবে উল্লেখ করে এটি বন্ধের দাবি জানিয়েছে।আজকের সংবাদ সম্মেলনে এসব বিষয় প্রশ্ন আকারে বারবারই ছুটে যাচ্ছিল বিসিবির সভাপতির দিকে। তিনিও বলেছেন, ‘এত দিন বিপিএল যেভাবে চলেছে, আগামী দিনে সেভাবে চলবে না। আমরা সবাই একে সমস্যা ও অভিযোগমুক্ত একটি প্রতিযোগিতা হিসেবে তৈরি করতে চাই।’নাজমুল হাসান বলেন, ‘বিপিএলের প্রথম আসরে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে ক্রিকেট বোর্ডের কোনো চুক্তি ছিল না, যেটা সমস্যা তৈরি করেছে। দ্বিতীয় আসরে তাদের সঙ্গে চুক্তি করা হয়েছে। কিন্তু তার পরও তারা সেই চুক্তি পাশ কাটিয়ে চলছে। খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে টালবাহানা করছে।’বিসিবির সভাপতি বলেন, ‘ব্যাপারটি নিয়ে আমাদের কঠোর হতেই হচ্ছে। আমরা সব ফ্র্যাঞ্চাইজিকে আইনি নোটিশ দিয়েছি। খুব তাড়াতাড়ি বহিষ্কারাদেশ-সংক্রান্ত চিঠি দিতে যাচ্ছি। বিপিএলকে আমরা জঞ্জালমুক্ত করবই।’