বিপিএল খেলোয়াড়দের বিসিবি সভাপতির আশ্বাস
বিপিএল থেকে খেলোয়াড়দের এক পয়সাও মার যাবে না—বিসিবির সভাপতি আ হ ম মুস্তফা কামাল আবারও দিলেন এই আশ্বাস। কাল ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে গভর্নিং কাউন্সিলের এক সভা শেষে তিনি বলেছেন, ‘খুব অল্প পরিমাণ টাকাই বকেয়া আছে। বিসিবিই যেহেতু “গ্যারান্টার”, কারও একটা পয়সাও বাকি থাকবে না।’সভা শেষে জানানো হয়েছে, বিদেশি খেলোয়াড়দের বকেয়া আর মাত্র দুই লাখ ৩৫ হাজার ডলার। বিদেশি খেলোয়াড়দের মোট পাওনার এটি ১১ শতাংশ। এ ছাড়া স্থানীয় খেলোয়াড়দের মোট অর্থের ৭০ শতাংশও দিয়ে দেওয়া হয়েছে বলে গভর্নিং কাউন্সিলকে বলেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তার পরও ফ্র্যাঞ্চাইজির সঙ্গে খেলোয়াড়দের দেনা-পাওনাসংক্রান্ত জটিলতা নিরসনে প্রয়োজনে বিসিবি ভূমিকা রাখবে।খেলোয়াড়দের বকেয়া নিয়ে ফিকার প্রধান টিম মের ধারাবাহিক হুমকিরও জবাব দিয়েছেন বিসিবির সভাপতি। বলেছেন, এ ব্যাপারে খেলোয়াড় ছাড়া আর কারও কাছেই জবাবদিহি করতে বাধ্য নয় বিসিবি ও বিপিএল। আর খেলোয়াড়েরা এখন পর্যন্ত বকেয়া নিয়ে কোনো অভিযোগ করেননি।