খালেদ মাসুদ আবারও বললেন, সব অভিযোগ ভিত্তিহীন। একই কথা মোহাম্মদ আশরাফুলকে বুকিদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার অভিযোগে অভিযুক্ত অন্য দুই সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ আর মোহাম্মদ রফিকেরও। তবে একটা জায়গায় তাঁদের অভিন্ন সুর—বিপিএল কলঙ্কমুক্ত নয়।কাল দুপুরে ধানমন্ডি ৪ নম্বর মাঠে সংবাদমাধ্যমের কাছে নিজের অবস্থান ব্যাখ্যা করে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ বলেছেন, ‘এই অভিযোগ অবশ্যই ভিত্তিহীন। আমরা ক্রিকেট খেলোয়াড়। সে সুবাদে দেশে-বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরেছি। বিভিন্ন লোকের সঙ্গে কথা হয়েছে, দেখা হয়েছে। এখন কেউ যদি কোনো সম্পর্ক পরে আলাদাভাবে ব্যবহার করে থাকে, সেটা তার নিজস্ব ব্যাপার।’ ২০০৪ সালে ভারতের বিপক্ষে ম্যাচে আশরাফুলকে ১৫ ওভারে ৬০ রান করার প্রস্তাব দেওয়ার কথাও অস্বীকার করেছেন সাবেক এই উইকেটকিপার, ‘১৫ ওভারে ৬০ রান এখনকার দিনে সম্ভব। কিন্তু ওই সময় কি ভারতের মতো দলের বিপক্ষে বাংলাদেশের পক্ষে ১৫ ওভারে ৬০ রান করা সম্ভব ছিল? হলেও সেটা একা আশরাফুলকে দিয়ে কী করে সম্ভব! নিশ্চয়ই আরও দু-তিনজনের সঙ্গেও কথা হয়েছে। আর ১৫ ওভারে ৬০ রান করতে তো ওপেনারও লাগবে। ওপেনার আউট না হলে আশরাফুল কী করে ৬০ রান করবে?’ উল্লেখ্য, সেই ম্যাচে প্রথম ১৫ ওভারে বাংলাদেশ ৩ উইকেটে ৬৮ রান করেছিল।আশরাফুলের কাছে আকসুর করা অভিযোগের প্রমাণ চেয়েছেন তিনি, ‘সে (আশরাফুল) কী চিন্তা করে এসব বলেছে, জানি না। তার কাছে যদি প্রমাণ থাকে, সেটা দিক।’ খালেদ মাহমুদের মতো মাসুদও পুরো বিষয়টার তদন্ত দাবি করেছেন, ‘আমি চাই, ম্যাচ ফিক্সিং নিয়ে যত কথা হচ্ছে, সবকিছুর তদন্ত হোক। এটা অবশ্যই বিপিএলের জন্য একটা কলঙ্কের বোঝা। যত শিগগির এই কলঙ্ক মোছা যায়, ততই ভালো।’তবে বিপিএল নিয়ে সন্দেহ আছে খালেদ মাসুদেরও। এমনকি এই টুর্নামেন্ট বাংলাদেশের ক্রিকেটের মর্যাদাহানি করছে বলেও মনে হচ্ছে তাঁর, ‘বিপিএল নিয়ে আমার যে পর্যবেক্ষণ, আমার কাছে মনে হয়, এটা ক্লিন নয়। আমি বলব না যে আমার কাছে সাক্ষী আছে। তবে আমাদের ক্রিকেটের ইমেজ কিন্তু বিপিএলের কারণে অনেকটাই নষ্ট হয়ে গেছে।’ এর দায় তিনি দিয়েছেন বিসিবি ও গেম অনকে।কথা প্রসঙ্গে মাসুদ কাল আরেকটা গোপন খবরও ফাঁস করেছেন। গত বিপিএলের সময় আইসিসির তদন্ত কর্মকর্তাদের মুখোমুখি হতে হয়েছিল তাঁকেও। তবে কেন, সেটি জানালেন না, ‘বিপিএল চলা অবস্থায় আকসুর সঙ্গে আমারও কথা হয়েছে। বিপিএল নিয়েই কথা হয়েছে। তবে এ নিয়ে আমার কিছু বলা উচিত নয়। যদি কিছু বলার থাকে আকসু ও ক্রিকেট বোর্ডই বলবে।’আকসুর কাছে আশরাফুল বিপিএলে ম্যাচ পাতানোর কথা স্বীকার করেছেন বলেই খবর এখন পর্যন্ত। তবে মাসুদের ধারণা, আশরাফুল নিজ থেকে কখনোই ম্যাচ পাতানোর সঙ্গে জড়াননি। তাঁকে ফাঁদে ফেলা হয়েছে, ‘আমার মনে হয়, আশরাফুল ফাঁদে পড়ে থাকতে পারে। এমনও হতে পারে, তাকে বলা হয়েছে, তুমি এভাবে খেললে তোমার বাদবাকি টাকা দেওয়া হবে। মাঠের বাইরে এর সুবিধা হয়তো অন্য কেউ নিয়েছে। আমি মনে করি, ঢাকা গ্ল্যাডিয়েটরস দলের মালিককে জিজ্ঞাসাবাদ করা উচিত আশরাফুল কেন এসবে জড়িয়েছে।’ঢাকা গ্ল্যাডিয়েটরসের মালিকের বিপক্ষে সরাসরিই ম্যাচ পাতানোর অভিযোগ এনেছেন ওই দলের বোলিং কোচ মোহাম্মদ রফিক। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করলেও পরশু সংবাদমাধ্যমের কাছে ঢাকা গ্ল্যাডিয়েটরসের ম্যাচ পাতানোর কথা স্বীকার করেছেন জাতীয় দলের সাবেক এই বাঁহাতি স্পিনার, ‘কর্মকর্তারাই খেলোয়াড়দের ম্যাচ ছেড়ে দিতে বলেছেন।’ জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার ও ঢাকা গ্ল্যাডিয়েটরসের ম্যানেজার সানোয়ার হোসেনের রুমেই নাকি হয়েছিল চিটাগং কিংসের কাছে হারের পরিকল্পনা। এ ব্যাপারে জানতে সানোয়ারের সঙ্গে যোগাযোগ করা হলেও মুঠোফোন বন্ধ পাওয়া গেছে তাঁর। তবে পরশুই ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর কাছে অভিযোগ অস্বীকার করেছেন সানোয়ার।