বিপিএল-প্রেরণায় পিপিএল!
দলটির গ্রহণযোগ্যতা নিয়ে সংশয় আছে, আসল ব্রিটিশ ইউনিভার্সিটিজ দল নয়; তবে বিদেশি দল তো! ব্রিটিশ ইউনিভার্সিটিজ দুটি ম্যাচ খেলে গেল পাকিস্তানে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিশ্বাস, এবার আরও অনেক দলই পাকিস্তান সফরে যেতে চাইবে। বাংলাদেশের বহুল আলোচিত সফর সম্ভবত হচ্ছে না। তবে বিকল্পও ভেবে রেখেছে পিসিবি, আইপিএলের আদলে আয়োজন করা হবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট পিপিএল (পাকিস্তান প্রিমিয়ার লিগ)। আশা করা হচ্ছে, টুর্নামেন্টে খেলবেন অনেক বিদেশি ক্রিকেটার, বিদেশি দলগুলোর যাওয়ার পথও তৈরি হবে তখন।পিপিএল আয়োজন এখনো প্রাথমিক পর্যায়ে আছে। নাসিম আশরাফ চেয়ারম্যান থাকার সময়ও একবার পিপিএল আয়োজনের কথা ভেবেছিল পিসিবি। তবে পারভেজ মোশাররফের সরকারের পতনের পর সেটা আর আলোর মুখ দেখেনি। এবার অবশ্য কাজ এগিয়ে নিচ্ছে পিসিবি। একটি ভারতীয় কোম্পানিসহ চারটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি এ সপ্তাহেই পিপিএল নিয়ে পিসিবির কাছে নিজেদের পরিকল্পনা উপস্থাপন করবে। এই কোম্পানিগুলোর একটির অন্যতম স্বত্বাধিকারী সালমান আহমেদ বলেছেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগের সাফল্যই প্রমাণ করে, দক্ষিণ এশিয়ায় এমন আরও টি-টোয়েন্টি লিগ সাফল্য পেতে পারে। মধ্যপ্রাচ্যভিত্তিক একটি ব্যাংক ও দুটি টেলিকম কোম্পানি আগ্রহ জানিয়েছে দল কিনতে।শুরুতেই এত সাড়া পেয়ে উচ্ছ্বসিত পিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা সুবহান আহমেদ, ‘প্রাথমিক পর্যায়েই করপোরেট কোম্পানিগুলোর কাছ থেকে এত সাড়া পাওয়াটা তৃপ্তিদায়ক। বিদেশি ক্রিকেটারদের নিয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্টটির সম্ভাব্যতা যাচাই করে দেখছি আমরা। শেষ পর্যন্ত টুর্নামেন্টটি আয়োজন করতে পারলে এটা হবে দারুণ ব্যাপার। পাকিস্তানের নিরাপত্তা-পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে এবং হচ্ছে। এ জন্যই ব্রিটিশ ইউনিভার্সিটিজ দল পাকিস্তান সফরে এসেছিল। বিদেশি ক্রিকেটারদের জন্য আমাদের কড়া নিরাপত্তা পরিকল্পনা আছে।’ এএফপি।