বিপিএল বাংলাদেশের বিজ্ঞাপন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৯ ফেব্রুয়ারি উদ্বোধন হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে প্রাপ্তি কী হবে? কাল সংবাদ সম্মেলনে বিপিএল আয়োজনের দায়িত্ব পাওয়া গেম অন স্পোর্টস ম্যানেজমেন্টের পরিচালক অঞ্জন গাঙ্গুলী দাবি করলেন, ‘কেবল একটা টুর্নামেন্ট আয়োজনই উদ্দেশ্য নয় আমাদের। এ টুর্নামেন্ট দিয়ে আমরা সারা বিশ্বে বাংলাদেশকে পরিচিত করব।’বিপিএল-সংক্রান্ত সব চুক্তিই হচ্ছে আগামী ছয় বছরের জন্য। এখনো সম্প্রচার শুরুর অপেক্ষায় থাকা বেসরকারি টিভি চ্যানেল নাইন যেমন দুই কোটি ৪০ লাখ মার্কিন ডলারে ছয় বছরের জন্য কিনে নিয়েছে টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব। চ্যানেল নাইন খেলা দেখাবে দেশে; বিদেশে সম্প্রচারের দায়িত্ব পেতে যাচ্ছে টেন স্পোর্টস।অঞ্জন গাঙ্গুলী জানিয়েছেন, টুর্নামেন্ট শুরুর ১০ দিন আগে থেকে ব্যাংকের মাধ্যমে বিপিএলের টিকিট বিক্রি শুরু হবে। ৯ ফেব্রুয়ারি মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান, খেলা শুরু হবে পরদিন। এর আগে ১০ জানুয়ারি ঢাকার একটি হোটেলে হবে ছয় বিভাগীয় দলের ফ্র্যাঞ্চাইজির নিলাম। দেশি-বিদেশি সাতটি প্রতিষ্ঠান নাকি এর মধ্যেই নিলামপত্র কিনেছে। ফ্র্যাঞ্চাইজির নিলাম শুরু হবে ১০ লাখ ডলার থেকে।১৯ জানুয়ারি ঢাকারই একটি হোটেলে হবে খেলোয়াড়দের নিলাম, যেটি সরাসরি সম্প্রচার হওয়ার কথা চ্যানেল নাইন ও টেন স্পোর্টসে। নিলামের জন্য এর মধ্যে ১২০ জন বিদেশি খেলোয়াড় আগ্রহ প্রকাশ করেছে বলে জানানো হয়েছে। তবে নিলামে উঠবে বিপিএল গভর্নিং কাউন্সিলের বাছাই করা ৮০ জন। প্রতি দলে খেলোয়াড় থাকবে ১৮ জন। বিদেশি খেলোয়াড় নিবন্ধন করা যাবে সর্বোচ্চ ৯ জন, খেলানো যাবে ৫ জন। নিলামে ‘এ’ শ্রেণীর খেলোয়াড়দের প্রারম্ভিক মূল্য থাকবে এক লাখ ডলার, ‘বি’ শ্রেণীর ৫০ হাজার ডলার ও ‘সি’ শ্রেণীর ২৫ হাজার ডলার।নির্বাচকদের দেওয়া তালিকা থেকে নিলামের জন্য ৮০ জন বাংলাদেশি খেলোয়াড়কেও বাছাই করা হবে। বাংলাদেশি খেলোয়াড়দের প্রারম্ভিক মূল্য এখনো চূড়ান্ত না হলেও সূত্র জানিয়েছে, ‘এ’ শ্রেণীর খেলোয়াড়দের মূল্য ৫০ হাজার ডলারের বেশিই হবে। ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে খেলোয়াড়দের চুক্তি হবে এক বছরের জন্য।বিশাল আয়োজনের বিপিএল একটা প্রশ্ন জাগাচ্ছে সবার মনেই। দেশের ক্রিকেটে বিরাজমান এত সব সমস্যার সমাধান বাদ দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন এই টুর্নামেন্ট নিয়ে মেতে উঠল? বিপিএল গভর্নিং কাউন্সিলের সম্পাদক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরের ব্যাখ্যা, ‘অন্য সমস্যার সমাধানও হবে। ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণীর ক্রিকেটেরও চিন্তা আছে আমাদের।’