বিপিএল-বিতর্কে সভাপতির ‘উপসংহার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপিএল সত্যিকার উত্তেজনা ছড়াল শেষ পর্বে এসে। তবে মাঠের চেয়ে মাঠের বাইরের ঘটনাতেই বেশি। এসব ক্ষেত্রে যেটা হয়, বোর্ড সভাপতি উপসংহার-জাতীয় একটা কিছু বলেন। কাল আ হ ম মুস্তফা কামালও বললেন সে রকম অনেক কিছু। তাতে অবশ্য উপসংহার মিলল না কোনো বিতর্কেরই।জুয়ার আসর বিপিএল!এক দিন আগে চিটাগং কিংসের মালিক সামীর কাদের চৌধুরী অভিযোগ করেছেন, বিপিএল পুরোই একটা জুয়ার আসর। মুস্তফা কামাল অভিযোগটা উড়িয়ে দিলেও বিপিএলে যে জুয়া ব্যাপারটা থাকতে পারে, স্বীকার করেছেন সেটা, ‘বাংলাদেশেই শুধু নয়, অন্যান্য দেশেও এ ধরনের টুর্নামেন্ট হলে জুয়ার চেষ্টা চলে। আমাদের এখানেও চেষ্টা চলছিল। আমরা দেশি একজন ক্রিকেটারের সংশ্লিষ্টতা নিয়ে ইতিমধ্যে তদন্ত শেষ করেছি। সময়মতো আমাদের পর্যবেক্ষণ আপনাদের জানানো হবে। এ ছাড়া একজন বিদেশির বিরুদ্ধেও বিসিবি আইনানুগ ব্যবস্থা নিয়েছে।’সামীর কাদেরের বক্তব্যকে দুঃখজনক বলেছেন বিসিবির সভাপতি, আদালতে চলে যাওয়াটাও আহত করেছে তাঁকে, ‘বিসিবির পার্টনার হিসেবে ও রকম মন্তব্য করা উচিত হয়নি। তারা আমার কাছে আসতে পারত। এর আগেও আমি অনেকের সঙ্গে বসে সমস্যার সমাধান করেছি। চট্টগ্রামেরও উচিত ছিল আমার কাছে আসা। আমি ব্যবস্থা নিতে ব্যর্থ হলে তারা কোর্টে যেতে পারত।’চিটাগং কিংসের আচরণকে ভবিষ্যতের জন্য সতর্কবার্তা হিসেবে নিচ্ছেন মুস্তফা কামাল, ‘এ রকম হলে ভবিষ্যতে আমাদের অন্যভাবে ভাবতে হবে। ফ্র্যাঞ্চাইজি নিতে হবে যাচাই-বাছাই করে। ক্রিকেট বোর্ডেরও দায়িত্ব ছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর ক্রিকেটে কতটা অবদান, সেটা দেখা। ক্রিকেট বোর্ডকে আমি বলব, ক্রিকেটের সঙ্গে যে বা যারা সম্পৃক্ত হতে চায়, তাদের যেন দেখেশুনে নেওয়া হয়।’চিটাগং কিংসের সেমিফাইনাল খেলতে না পারায় জুয়াড়িদের প্রভাব থাকতে পারে, এমন অভিযোগে সভাপতির বক্তব্য, ‘এটা ওনাদের নিজস্ব মতামত। আমি পাল্টা মন্তব্য করব না।’‘ব্যক্তিগত মতামত’ এবং ‘বরিশাল-সমর্থক’ বোর্ড সভাপতিমধ্যরাতের সভায় বরিশালকে সেমিফাইনালে ওঠানোর আগে বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান গাজী আশরাফ হোসেন বলেছিলেন, বাইলজ অনুযায়ী চট্টগ্রামই সেমিফাইনালে। বোর্ড সভাপতিও একটি টেলিভিশন চ্যানেলের টক শোতে একই কথা বলেন। পরে গভর্নিং কাউন্সিলের সেক্রেটারি সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর এসবের সমালোচনা করে বলেছেন, গাজী আশরাফ ভুল করেছেন। আর বোর্ড সভাপতি ওই কথা বলার কারণ, হয়তো তিনি একটা দলের সমর্থক। এসব ব্যাপারে খুব একটা কড়া ভাষা ব্যবহার করেননি মুস্তফা কামাল, ‘উনি (আলমগীর) কী বলছেন, আমি জানি না। একজন দর্শক যাতে মন খারাপ না করেন, এ জন্য আমি ওইভাবে বলেছিলাম।’পাল্টা জবাব না দিয়ে সভাপতি উল্টো বোঝাতে চাইলেন, পরিস্থিতির চাপেই ওই রকম মন্তব্য করে থাকতে পারেন বিপিএল সেক্রেটারি, ‘ক্রিকেট বোর্ডে আমরা সবাই সব কথা বলতে পারি। আমরা কারও চাকরি করি না। আলমগীর যা ইচ্ছা তা-ই বলতে পারেন। কারণ, তিনি প্রতিদিন ১৮ ঘণ্টা কাজ করছেন। ওনার কোনো কথা ধরা যাবে না। কারণ, উনি এখন খুব চাপে আছেন।’মুশফিকুর রহিমের সমালোচনাসিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর ‘সাধারণ ক্ষমা’ পেয়ে গেলেও পাননি জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম। পরশু প্রথম সেমিফাইনাল শেষে সংবাদ সম্মেলনে এসে বিপিএলকে সমালোচনার তিরে বিদ্ধ করেছিলেন দুরন্ত রাজশাহীর অধিনায়ক মুশফিক। বোর্ড সভাপতি ইঙ্গিত দিলেন, এ জন্য ব্যবস্থা নেওয়া হতে পারে, ‘মুশফিক আচরণবিধি ভঙ্গ করেছে। এই বিষয়টা অবশ্যই বোর্ডে তোলা হবে। ডিসিপ্লিনারি কমিটি বিষয়টা দেখবে।’মুস্তফা কামালের দুঃখযে ডিসিপ্লিনারি কমিটির সামনে মুশফিককে দাঁড় করানোর কথা বলা হলো, বিসিবির সেই কমিটির প্রধান আবার সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। সভাপতি এবং বিপিএল গভর্নিং কাউন্সিল প্রধানের বক্তব্যের বিরুদ্ধে কথা বলে যিনি নিজেই শৃঙ্খলাভঙ্গের দোষে দুষ্ট হতে পারেন। তবে আলমগীরের সৌভাগ্য, ক্রিকেট বোর্ডে পরিচালকদের জন্য কোনো কাঠগড়া নেই। বোর্ড সভাপতিও সেটাকেই নিয়ে এলেন সামনে, ‘ক্রিকেটারদের কোড অব কন্ডাক্ট আছে, কিন্তু বোর্ড পরিচালকদের জন্য সে রকম কিছু নেই।’ নেই বলে একটু যেন দুঃখিতও তিনি, ‘কথা বলার বিষয়ে আমি এখন পর্যন্ত ডিসিপ্লিন আনতে পারিনি। কথা বলায় আমাদের আরও সংযত হওয়া উচিত।’এ প্রসঙ্গে মুশফিকের উদাহরণটাই টেনে এনেছেন আবার, ‘কথা না বলাদের মধ্যে সবচেয়ে ভালো ছিল মুশফিক। কিন্তু যে কথা বলত না, ইদানীং সে-ও বলা আরম্ভ করেছে। এখন কথা বলেছে বলে কি মুশফিককে বাদ দিয়ে দেব? তাহলে খেলোয়াড় পাব কোথায়! আমাকে বাদ দিলে চলবে, প্রেসিডেন্ট পাওয়া যাবে। কিন্তু খেলোয়াড়!’সভাপতির উপলব্ধিটাকে উপসংহার ধরলেও ধরতে পারেন। তবে সামীর কাদের চৌধুরী, গাজী আশরাফ হোসেন, মুশফিকুর রহিম, এমনকি বোর্ড সভাপতির নিজের জন্যও সেরা উপসংহার বুঝি এটাই—বোবার শত্রু নেই।