বিপিএল বয়কটের পরামর্শ ফিকার!
বিপিএলের পাওনা বিতর্ক আরেক দফা বিব্রতকর অবস্থার সৃষ্টি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য। বাংলাদেশসহ সব দেশের ক্রিকেটারদের বিপিএলের পরবর্তী আসর বয়কট করার পরামর্শ দিয়েছে ফিকা। দিয়েছে ক্রিকেটাররা আদালতে গেলে পাশে দাঁড়ানোর ঘোষণাও। বিপিএল কর্তৃপক্ষ অবশ্য পাওনার অঙ্ক নিয়ে ফিকার দাবি অস্বীকার করেছে। আবারও প্রশ্ন তুলেছে ফিকার উদ্দেশ্য নিয়ে।বারবার প্রতিশ্রুতি দিয়েও বিপিএল গভর্নিং কাউন্সিল ক্রিকেটারদের পাওনা চুকিয়ে দিচ্ছে না দাবি করে ফিকা-প্রধান টিম মে গোটা ব্যাপারটাকে বলেছেন ‘কৌতুককর।’ তাঁর দাবি, ১২ জন ক্রিকেটার এখনো সব মিলিয়ে পান ছয় লাখ মার্কিন ডলার। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে মাত্র আটজন নাকি পেয়েছেন পুরো পাওনা, আর সবাইকে দেওয়া হয়েছে গড়ে ৬০ ভাগ অর্থ। প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে আরও একবার বিসিবিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মে, ‘প্রায় আড়াই মাস ধরে ফ্রাঞ্চাইজিগুলো ও বিসিবি চুক্তির শর্ত ভঙ্গ করে আসছে। আমরা ব্যাপারটা সুরাহার যথেষ্ট সময় ও সুযোগ দিয়েছি। কিন্তু তারা বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে ও ফাঁকা বুলি আওড়িয়েছে। ফিকা তাই বাংলাদেশের ও বাংলাদেশের বাইরের সব ক্রিকেটারকে জোর পরামর্শ দিচ্ছে সামনের বছর থেকে এই টুর্নামেন্টে না খেলার।’তবে বিপিএল-সচিব সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরের দাবি, বিদেশি খেলোয়াড়দের টাকা বাকি আছে মাত্র ৭০ হাজার ডলার। সেটাও বোনাসের অর্থ আর কিছু ক্রিকেটারের চোট সমস্যা নিয়ে দেনদরবারের কারণে। মারলন স্যামুয়েলস ও আবদুল রাজ্জাকের অ্যাকাউন্টে অর্থ পাঠানো হলেও ফেরত এসেছে অ্যাকাউন্ট নম্বর ভুল থাকায়। আর স্কট স্টাইরিসের অর্থ ভুল করে অন্য একজনের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ‘এত সামান্য অর্থ বাকি থাকার পরও টুর্নামেন্ট বয়কট করার ফিকার পরামর্শ দুর্ভাগ্যজনক’—সংবাদ সংস্থা রয়টার্সের কাছে হতাশা প্রকাশ করেছেন আলমগীর।পাওনা টাকার অঙ্ক নিয়ে ফিকার দাবিকে বিপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন বলছেন ‘মনগড়া’। ‘এত টাকা বাকি থাকার প্রশ্নই ওঠে না’—বলে দাবি তাঁর। ফিকার অত্যুৎসাহী ভূমিকা নিয়েও সংশয় গাজী আশরাফের, ‘বিপিএলের অন্যতম উদ্দেশ্য হলো, ক্রিকেটারদের বাড়তি আয়ের ব্যবস্থা করা ও বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন। না খেলার পরামর্শ দিয়ে কি ফিকা ক্রিকেটারদের আয়ের পথ বন্ধ করে দিতে চাচ্ছে? বাংলাদেশের ক্রিকেট উন্নয়নের পথে ফিকা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কি না, এই প্রশ্ন তুলতেও বাধ্য হচ্ছি আমরা।’ তথ্য সূত্র: এএফপি ও রয়টার্স।