বিপিএল শুরু ১০ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা বিশ্বেই এখন টি-টোয়েন্টির জোয়ার। বাংলাদেশই বা পিছিয়ে থাকবে কেন? দেশের ছয় বিভাগীয় শহরের অংশগ্রহণে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হবে আগামী ১০ ফেব্রুয়ারি, শেষ হবে ২৯ ফেব্রুয়ারি। খেলা শুরুর আগের দিন, ৯ ফেব্রুয়ারি হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।বিসিবি টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব দিয়েছে ভারতের গেম অন স্পোর্টস ম্যানজেমেন্ট কোম্পানিকে। দুই পক্ষের মধ্যে কাল এ সংক্রান্ত একটি চুক্তিও হয়েছে। গেম অন স্পোর্টস আগামী ৬ বছরের জন্য বিপিএলের স্বত্ব কিনে নিয়েছে ৪৪.৩৩ মিলিয়ন মার্কিন ডলারে (প্রায় ৩৫৪ কোটি টাকা)। বিসিবির হয়ে চুক্তিতে স্বাক্ষর করেছেন বিপিএল আয়োজক কমিটির প্রধান ও বিসিবি পরিচালক গাজী আশরাফ হোসেন। গেম অন স্পোর্টসের পক্ষে স্বাক্ষর করেছেন তাদের প্রতিনিধি অঞ্জন গাঙ্গুলি।ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেটকে নিয়ে টুর্নামেন্টটা হবে ডাবল লিগ পদ্ধতিতে। দুটি সেমিফাইনাল ও ফাইনালসহ মোট ম্যাচ হবে ৩৩টি। এর মধ্যে ২৫টি ম্যাচ ঢাকায়, ৮টি চট্টগ্রামে।আইপিএলের মতো বিপিএলেও দলগুলো খেলোয়াড় সংগ্রহ করবে নিলামের মাধ্যমে। ৫ জানুয়ারি এই নিলাম হবে ঢাকায়। টুর্নামেন্টে বাংলাদেশি খেলোয়াড়দের সঙ্গে ৭৫ জন বিদেশি খেলোয়াড়ও খেলবেন বলে জানিয়েছে বিসিবি।