বিপিএলকে স্যামির ‘না’
৫৫ হাজার ডলারে সিলেট রয়্যালস কিনেছিল তাঁকে। কিন্তু নিলামের দুই দিন পর বিপিএল থেকে সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামি। সিলেট রয়্যালস এখন তাই খুঁজছে তাঁর বিকল্প খেলোয়াড়।বিপিএল থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে সংবাদ সংস্থা এএফপিকে স্যামি জানিয়েছেন, ‘একজন পেশাদার ক্রিকেটার হিসেবে ওখানে খেলার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। তবে এ ব্যাপারে আরও গভীরভাবে চিন্তা করে এবং পরিবারের সঙ্গে কথা বলে আমি বিপিএল এবং সিলেট রয়্যালসের কাছে বিনয়ের সঙ্গে অপরাগতা প্রকাশ করেছি। আমার পক্ষে এই মুহূর্তে এই প্রস্তাব গ্রহণ করা সম্ভব নয়।’বাংলাদেশের ক্রিকেটপাগল দর্শকদের সামনে খেলাটা উপভোগই করেন বলে জানিয়েছেন স্যামি। কিন্তু ঘরোয়া চার দিনের ম্যাচের টুর্নামেন্ট আর বিপিএল একই সময়ে হওয়ায় সরে দাঁড়িয়েছেন তিনি। মার্চের মাঝামাঝি অস্ট্রেলিয়া দল ওয়েস্ট ইন্ডিজ সফর করবে। আসন্ন এই সিরিজের প্রস্তুতির জন্য এই মুহূর্তে চার দিনের ম্যাচ খেলাটাকেই সমীচীন মনে হয়েছে তাঁর কাছে।স্যামি সরে দাঁড়ানোয় এখন তাঁর বিকল্প বিদেশি খেলোয়াড় খুঁজছে সিলেট রয়্যালস। ফ্র্যাঞ্চইজির ক্রিকেট অপারেশনস ম্যানেজার ওয়াসিম খান জানিয়েছেন, ‘কোচ স্টুয়ার্ট ল-র সঙ্গে আলোচনা করে নিলামের অবিক্রীত তালিকা থেকে আগামী দু-এক দিনের মধ্যে আমরা আরেকজন বিদেশি খেলোয়াড় দলভুক্ত করব। সেটা “এ”, “বি” বা “সি” যেকোনো শ্রেণী থেকেই হতে পারে।’ওদিকে আটজন বিদেশি ক্রিকেটারের কোটা এখনো পূরণ করেনি বরিশাল বার্নার্স। বিপিএলের নিলাম থেকে তারা কিনেছে ছয় বিদেশি ক্রিকেটারকে। নিলাম শেষে বিপিএল কমিশনার মাহবুবুল আনাম বলেছিলেন, ‘৪৮ ঘণ্টার মধ্যেই অবিক্রীত খেলোয়াড়দের তালিকা থেকে প্রারম্ভিক মূল্যে দুজন বিদেশি খেলোয়াড় নেবে তারা।’