বিপিএল যে ঘটনা খুব বেশি দেখেনি

বৃষ্টিতে ভেসে গেছে ফরচুন বরিশাল ও সিলেট সানরাইজার্সের ম্যাচছবি: শামসুল হক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট মৌসুম ধরে চলা বিপিএলের ইতিহাসে ঘটনাটা নিয়মিত নয় মোটেও। আজ মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে সিলেট সানরাইজার্স ও ফরচুন বরিশালের ম্যাচটি পরিত্যক্ত হয়ে গেছে খেলা শুরু হওয়ার আগেই। দিনের প্রথম ম্যাচ ছিল এটি।

এরপর পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে দিনের দ্বিতীয় ম্যাচটিও, যেখানে খেলার কথা ছিল মিনিস্টার ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের। বিপিএলের ইতিহাসে মাত্র দ্বিতীয়বার এক দিনের দুটি ম্যাচই পরিত্যক্ত হলো।

সাধারণত বাংলাদেশে শীতকালেই হয় বিপিএলের আসর। ফলে বৃষ্টির বাগড়ার সুযোগ খুব কমই থাকে। তার ওপর সংস্করণটা টি-টোয়েন্টি বলে ৫ ওভার খেলেই ফল বের করে আনা সম্ভব বলে ম্যাচ পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা কমে যায় আরও। তবে আজ প্রথম ম্যাচ শুরুর আগে থেকেই শুরু হওয়া বৃষ্টিতে সম্ভব হয়নি খেলা।

এই প্রথমবার বিপিএলে পরিত্যক্ত হলো কোনো ম্যাচ
ছবি: বিসিবি

প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ার কারণে পাওয়া ১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে চলে গিয়েছিল সাকিব আল হাসানের দল বরিশাল। ৭ ম্যাচে এখন ৯ পয়েন্ট তাদের। তবে কুমিল্লার ম্যাচও পরিত্যক্ত হওয়ায় বরিশালের সঙ্গে পয়েন্ট সমান হয়ে গেছে তাদের, ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে তারা আবার।

৬ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতেই থাকল মোসাদ্দেক হোসেনের দল সিলেট। অন্যদিকে ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তিনে আছে মাহমুদউল্লাহর ঢাকা।

পরিত্যক্ত হওয়ার মতো টাই হওয়ার ঘটনাও খুব বেশি নেই বিপিএলে। এখন পর্যন্ত এ টুর্নামেন্টে টাই হয়েছে মাত্র দুটি—২০১৯ সালে চিটাগং ভাইকিংস ও খুলনা টাইটানসের পর ২০২০ সালে কুমিল্লা ওয়ারিয়র্স ও সিলেট থান্ডারের ম্যাচ। সুপার ওভারে প্রথম ম্যাচটি জিতেছিল চিটাগং, পরেরটি কুমিল্লা।

গা-গরমে নেমেছিল দলগুলো, তবে শুরু হতে পারেনি ম্যাচ
ছবি: বিসিবি

বিপিএলের এ মৌসুমে বৃষ্টির বাগড়া অবশ্য এই প্রথমবার নয়। গতকালও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের দিনের দ্বিতীয় ম্যাচটা নেমে এসেছিল ১৮ ওভারে।

এবারের বিপিএল হচ্ছে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটে। চট্টগ্রাম পর্ব শেষে ঢাকা পর্বের জন্য ফিরেছে দলগুলো। অবশ্য ঢাকার দ্বিতীয় পর্বে আজই শেষ দিন। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে সিলেটে হবে খেলা। সেখানে ৩ দিনে হবে ৬টি ম্যাচ।