বিপিএলে কাজ করতে দুজনের পদত্যাগ
চিটাগং কিংসের কোচ থাকবেন নাকি বিসিবির অস্থায়ী কমিটির সদস্য? খালেদ মাহমুদ বেছে নিলেন প্রথমটাই। বিসিবির অস্থায়ী কমিটির সদস্যের পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।গত বিপিএলে বিসিবির অনেকেই নানাভাবে সম্পৃক্ত ছিলেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। কিন্তু এবার বোর্ডের কড়া নিষেধাজ্ঞা তাতে। কোচ, ফিজিও, ট্রেনার ছাড়া বিসিবির কেউই পারবেন না বিপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত থাকতে। খালেদ মাহমুদকে তাই সরেই যেতে হলো। চিটাগং কিংসের কোচ হিসেবে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ আছেন। বোর্ডে থাকার চেয়ে সেই চাকরিটাকেই গুরুত্বপূর্ণ মনে করেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক, ম্যানেজার ও সহকারী কোচ।কাল চিঠি দিলেও খালেদ মাহমুদ পদত্যাগের সিদ্ধান্ত নেন পরশু রাতেই। এর আগে এটা নিয়ে আলোচনা করেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসানসহ অন্য কর্মকর্তাদের সঙ্গে। সূত্র জানায়, অস্থায়ী কমিটিতে না থাকলেও বিসিবির আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স কমিটির প্রধানের দায়িত্ব সম্ভবত মাহমুদই পালন করবেন। আরেকটি সূত্রের খবর, বিপিএল শেষে জাতীয় দলের সহকারী কোচ হিসেবেও যোগ দেওয়ার সম্ভাবনা আছে তাঁর।কাল সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চিটাগং কিংসের অনুশীলন করাতে এসে পদত্যাগের কারণ ব্যাখ্যা করেছেন খালেদ মাহমুদ, ‘কোচিং আমার পেশা। যেহেতু এটা বোর্ডের সিদ্ধান্ত, বোর্ডে থাকলে আমি কোচিং করাতে পারব না, সেজন্যই পদত্যাগ করলাম। কোচিং করানোটাই আমার জন্য জরুরি।’সভাপতি নাজমুল হাসানসহ তিন মাস মেয়াদের বিসিবির অস্থায়ী কমিটির সদস্যসংখ্যা ছিল ১৩, সেটি এখন ১২। বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, ‘নিয়ম অনুযায়ী মাহমুদের পদত্যাগের সিদ্ধান্তটি তাঁরা জাতীয় ক্রীড়া পরিষদকে(এনএসসি) জানাবেন। এনএসসিই পরে সিদ্ধান্ত নেবে।’শুধু খালেদ মাহমুদ নন, বিসিবি থেকে পদত্যাগ করেছেন ক্রিকেট পরিচালনা বিভাগের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক সাব্বির খানও। বিপিএলে তিনি বরিশাল বার্নার্সের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। সাব্বির অবশ্য পদত্যাগপত্র জমা দিয়েছিলেন গত নভেম্বরে। বিপিএলে তিনি কাজ করবেনই—এটা নিশ্চিত করায় সেটি গৃহীত হয়েছে এখন।