বিপিএলে গেইল-বিনোদন
প্রতিটি প্রশ্নের উত্তরই শুরু করলেন হাসি দিয়ে, তবে চোখে-মুখে রাজ্যের ক্লান্তিটা বোঝা যাচ্ছিল স্পষ্ট। নিজেও বললেন, ‘লম্বা ভ্রমণ করে কালকেই এসেছি, ঠিকমতো ঘুমাতে পারিনি। জেট ল্যাগ ঠিক করে ছাড়েনি। আজ রাতে শিশুর মতো ঘুমাব।’ সিলেট রয়্যালসের বোলাররা শুনলে ভিরমি খেতে পারেন, ‘বলে কী লোকটা! ক্লান্তি নিয়েই এমন খুনে ব্যাটিং! ভাগ্যিস ক্লান্তি ছিল, তা না হলে কী হতো!’ কী হতো বলা মুশকিল, তবে এর চেয়ে বেশি আর কী-ই বা হতে পারত! ৪৪ বলে অপরাজিত ১০১। ৭ চার ও ১০ ছয়, শেষ ছয়টি গেইলের সেঞ্চুরি আর বরিশালের জয়—দুটোই এনে দিল একসঙ্গে। দলের জয় আর নিজের সেঞ্চুরি হতে প্রয়োজন ছিল ৫ রান, এই সময় বোলিংয়ে এসে লেগ স্পিনার নূর হোসেন করলেন শর্ট ডেলিভারি। অনেক ভালো বলকেই গ্যালারিতে পাঠিয়েছেন গেইল, এ জন্যই বুঝি খাটো লেংথের বলটিকে পাঠালেন গ্র্যান্ডস্ট্যান্ডের ছাদে। গড়িয়ে গড়িয়ে বল চলে গেল স্টেডিয়ামের বাইরে। ম্যাচ শেষে পিটার ট্রেগো জানালেন, ১৬৫ রানকে যথেষ্টই মনে হয়েছিল তাঁদের। গেইল-তাণ্ডবে বরিশাল বার্নার্স সেটিকে অপর্যাপ্ত বানাল মাত্র ১৩.১ ওভারেই, কোনো উইকেট না হারিয়ে!সপ্তাহ খানেক আগেই জ্যামাইকার হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে সেঞ্চুরির পর গেইল টুইট করেছিলেন, ‘মনে হচ্ছে যেন টেস্ট সেঞ্চুরি করেছি।’ আবারও টেস্ট খেলার আকুতিই হয়তো ঝরেছে ওই টুইটে। অনেকে ভুলে যান টেস্টে দুটি ট্রিপল সেঞ্চুরিও আছে তাঁর। কিন্তু টি-টোয়েন্টিতে এমন অতিমানবীয় সব ইনিংস খেলেছেন যে তাঁর ‘টি-টোয়েন্টি স্পেশালিস্ট’ পরিচয়টা ছাপিয়ে গেছে আর সবকিছুকেই। কালকের সেঞ্চুরি টি-টোয়েন্টিতে তাঁর ষষ্ঠ, ৫টি সেঞ্চুরিও নেই আর কারও। ১০ ছয়ের চতুর্থটিতে প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে ছুঁয়েছেন দুই শ ছক্কা। ৮৮ ম্যাচে গেইলের ছয় এখন ২০৬টি, যৌথভাবে দুইয়ে থাকা ডেভিড হাসি ও রস টেলর ১৭৯টি ছয় মেরেছেন যথাক্রমে ১৬৯ ও ১২৩ ম্যাচে!গেইলের ইনিংসটা এমনই বিস্ফোরক যে, ১৬০ স্ট্রাইক রেটের ইনিংস খেলেও অনেকটা আড়ালে আহমেদ শেহজাদ। ৯ চার, ১ ছয়ে অপরাজিত ৫৬ করেছেন ৩৫ বলে। গেইলের মতো শক্তির প্রদর্শনী স্বাভাবিকভাবেই ছিল না, তবে পাকিস্তানি ব্যাটসম্যান অফসাইডে খেলেছেন দৃষ্টিনন্দন কিছু শট। সাম্প্রতিক ধারা মেনে শুরুতে খানিকটা সময় নিয়েছেন গেইল, এগিয়ে ছিলেন তখন শেহজাদই। গেইল হাত খুলেছেন পঞ্চম ওভারে, স্টাইরিসের প্রথম দুই বলেই দুটি ছয়। আরেকটি ছক্কাসহ ওই ওভারে এসেছে ২৭। পরে অধিনায়ক ট্রেগোর এক ওভারে এসেছে ২৩, অলক কাপালির এক ওভারে ২৩। ব্যাটিংয়ের সুখস্মৃতিটা তখন নিশ্চয়ই হারিয়ে ফেলেছেন দুজন!সিলেট লড়ার মতো রান পেয়েছিল দ্বিতীয় উইকেটে এই দুজনের ১০৫ রানের জুটির সৌজন্যেই। তাঁকে অধিনায়ক করা জন্ম দিয়েছে অনেক প্রশ্নের, যথেষ্টই চাপ ছিল তাই ট্রেগোর ওপর। দ্বিতীয় ওভারে উইকেটে গিয়ে ফিরেছেন শেষ ওভারে (৫৪ বলে ৬২)। অলক কাপালি কাল ফিরে পেয়েছিলেন পুরোনো ছন্দ, খেলেছেন তাঁর চেনা সব শট (৩৬ বলে ৫৬)। কিন্তু ছন্দে থাকা গেইলের কাছে কি আর এসব যথেষ্ট হয়!গেইলের জন্য কালই ৫ হাজার ডলার বোনাস ঘোষণা করেছেন দলের মালিকপক্ষ। বিপিএল আয়োজকদের উচিত আরও বড় কোনো পুরস্কার দেওয়া। হাজারো নেতিবাচকতা নিয়ে শুরু হওয়া টুর্নামেন্টে সঞ্জীবনী সুধা হতে পারে তো গেইলের ইনিংসটাই! সংক্ষিপ্ত স্কোরসিলেট রয়্যালস: ২০ ওভারে ১৬৫/৪ (আকমল ৮, ইমরুল ২১, ট্রেগো ৬২, অলক ৫৬, স্টাইরিস ৭*, তানভীর ১*; আরাফাত ২/৩৩, হারউড ১/২০, সোহরাওয়ার্দী ১/২৩)। বরিশাল বার্নার্স: ১৩.১ ওভারে ১৬৭/০ (গেইল ১০১*, শেহজাদ ৫৬*)। ফল: বরিশাল ১০ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: ক্রিস গেইল।