বিপিএলে তৃপ্ত মাশরাফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মোহাম্মদ আশরাফুল, ইলিয়াস সানি—বিদেশিদের বিপিএলের পুরস্কার বিতরণী মঞ্চেও কত বাংলাদেশি ক্রিকেটার! সবচেয়ে বড় অর্জনটা সম্ভবত মাশরাফিরই। প্রথম বিপিএলের শেষ রাতে তিনিই যে উঁচিয়ে ধরেছেন শিরোপা!স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার বোমা ফাটিয়ে বিপিএলের শুরুতেই আলোচনায় আসেন ঢাকা গ্ল্যাডিয়েটরসের অধিনায়ক। শেষ রাতেও সব আলো মাশরাফির ওপর। বিতর্কের বিপিএলকে আলোয় ঢেকে ফেলতে চাইলেন চ্যাম্পিয়ন অধিনায়ক, ‘এই ১৭-১৮ দিনে অনেক বিতর্ক হয়েছে। সব বিতর্কই ছিল মাঠের বাইরে। আমার মনে হয়, মাঠে খেলোয়াড়েরা এক শ ভাগই দিয়েছে। আজ এ জায়গায় আসতে না পারার দুঃখ অনেক ক্রিকেটারেরই আছে।’চোট-ফেরত মাশরাফির জন্য বড় চ্যালেঞ্জ ছিল বিপিএল। শেষ দিনে থাকল সেই চ্যালেঞ্জ জেতারও তৃপ্তি, ‘ফেরার জন্য অনেক কঠিন জায়গা ছিল এটা। সবচেয়ে বড় কথা ছিল, প্রায় প্রতিটি দিন খেলার ব্যাপারটা আমার জন্য ভীতিকর হলেও ভালো লাগছে যে, যে ফিটনেসটুকু এখানে পাওয়ার আশা ছিল সেটা পেয়েছি।’ তবে নিজের পারফরম্যান্সের সঙ্গে বিপিএলকে মেলাচ্ছেন না গ্ল্যাডিয়েটরস অধিনায়ক, ‘আসলে নিজের পারফরম্যান্স আমি শুধু আন্তর্জাতিক ক্রিকেটেই মূল্যায়ন করি।’শেষ দুই ম্যাচে শহীদ আফ্রিদি আর সাঈদ আজমলেরও অধিনায়ক ছিলেন। তবে মাশরাফির ধন্যবাদ পেলেন দলের সব বিদেশিই, ‘বিদেশিদের ভূমিকা খুবই ভালো লেগেছে। আফ্রিদি, আজমল শুধু নন, আজহার মেহমুদ, ইমরান নাজির, রানা নাভেদ—তাঁরা শুধু ভালো খেলেনইনি, দলের সবাইকে উৎসাহও দিয়েছেন।’ঢাকার দেশি-বিদেশি ক্রিকেটারদের এই সমন্বয় পাশের ড্রেসিংরুম থেকে শাহরিয়ার নাফীসের কাছে লেগেছে অসাধারণ। বরিশাল বার্নার্স অধিনায়কের চোখে ঢাকাই বিপিএলের সেরা দল, ‘ঢাকাই এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতম দল। আজমল-আফ্রিদি আসার পর তাদের বোলিং আরও ভালো হয়েছে। যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা।’বাইলজের বিতর্কিত ব্যাখ্যায় সেমিফাইনালে উঠেছিল বরিশাল বার্নার্স। সেখান থেকে ফাইনালে। কিন্তু শেষ পরীক্ষায় ভাগ্য তাকায়নি তাদের দিকে। শাহরিয়ারের কথা, ‘আমাদের শুরুটা ভালো হলেও মিডল অর্ডারে ব্যাটিংটা ভালো হয়নি। ঢাকা গ্ল্যাডিয়েটরসের জন্য ১৪০ রানের টার্গেট মোটেও বেশি ছিল না।’টুর্নামেন্টে শাহরিয়ারের ব্যক্তিগত অতৃপ্তি থাকতেই পারে। আইকন খেলোয়াড়, ছিলেন অধিনায়কও। অথচ ‘টিম কম্বিনেশন’ তাঁকে সব ম্যাচ খেলতে দেয়নি। ‘আমি খেলিনি কারণ, ৫-৬ নম্বরে ব্যাটিং করাটা আমার জন্য ভালো হতো না। তবে খেলতে না পারা সব সময়ই হতাশার’—বলেছেন বরিশাল অধিনায়ক।আগের দিন মুশফিকুর রহিম বিপিএলকে বলেছেন চরম অব্যবস্থাপনার টুর্নামেন্ট। কাল বরিশাল অধিনায়ক বললেন, ‘মাঠের ক্রিকেট খুবই ভালো হয়েছে। ক্রিকেটার হিসেবে আমি সবার আগে এটাই দেখব। মাঠের বাইরের অব্যবস্থাপনা দেখা আমার কাজ নয়।’