বিপিএলে নাও আসতে পারেন পাকিস্তানিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ঝুলে থাকার পর অবশেষে নিরাপত্তার কথা চিন্তা করে পাকিস্তান সফর স্থগিতের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর এই সিদ্ধান্তের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশের এই সিদ্ধান্ত দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে এক বিবৃতিতে জানিয়েছে পিসিবি। সেই সঙ্গে বিপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের অংশ নেওয়ার অনুমতি নাও দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।পাকিস্তান সফরে না গেলে বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি লিগে (বিপিএল) পাকিস্তানি কোনো ক্রিকেটারকে খেলার অনুমতি দেওয়া হবে না, এমন হুমকি কয়েক দিন আগেও দিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি জাকা আশরাফ। গতকাল সোমবার রাতে এক বিবৃতিতে আবারও সেই কথার পুনরাবৃত্তি করেছে পিসিবি। বিবৃতিতে বলা হয়েছে, ‘২০১৩ সালের বিপিএলের জন্য এখন আমরা আমাদের খেলোয়াড়দের সঙ্গে চুক্তির বিষয়টি ভালোমতো খতিয়ে দেখব। তারপর বিবেচনা করা হবে যে তাদের বিপিএলে খেলার অনুমতি দেওয়া হবে কি না।’ এর আগে পিসিবির সভাপতি জাকা আশরাফ বলেছিলেন, ‘আমরা বিপিএলের ব্যাপারে একটা আদর্শিক অবস্থান নেব। কিন্তু একটা ব্যাপার নিশ্চিত যে, আমাদের খেলোয়াড়েরা বিপিএলে খেলার ব্যাপারে সহজলভ্য নাও হতে পারেন। কারণ, আগামী বছরে আমরা নিজেদের মতো করে কিছু আয়োজন করতে চাই।’বিগত নয় মাসের মধ্যে দুবার পাকিস্তান সফরের পরিকল্পনা বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গত এপ্রিলে পাকিস্তান সফরের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পরও ঢাকা হাইকোর্টের নির্দেশে বাতিল হয়ে যায় সেই পরিকল্পনা। দ্বিতীয় দফায় বেশ কয়েকদিন ধরে আলাপ-আলোচনার পর অবশেষে গতকাল পাকিস্তান সফরে আপাতত না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। পিটিআই