বিপিএলে নেই নাদির শাহ !
বিপিএলের আসরের ম্যাচগুলো পরিচালনার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আম্পায়ারদের যে তালিকা দিয়েছে, তা কিছুটা অবাকই করেছে সবাইকে। কারণ তাতে নেই দেশের সবচেয়ে অভিজ্ঞ আম্পায়ার নাদির শাহর নাম। নাদির শাহ এ পর্যন্ত ৪০টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন। বাংলাদেশের আম্পায়ারদের মধ্যে তাঁর নামই আন্তর্জাতিক পরিমণ্ডলে বেশি পরিচিত। আম্পায়ারিংয়ে আইসিসির প্যানেল আম্পায়ার নাদির শাহর অভিজ্ঞতা প্রায় তিন যুগের।এ ব্যাপারে দেশের একটি ইংরেজি দৈনিককে বিপিএলের গভর্নিং কাউন্সিলের সভাপতি গাজী আশরাফ হোসেন একটি বিশেষ সমস্যার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘বিসিবির আম্পায়ার কমিটি অন্য একটি ইস্যুতে নাদির শাহর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। তবে নাদির শাহ বিপিএলের ম্যাচ পরিচালনা করতে পারেন, যদি আমরা চাই।’গাজী আশরাফ হোসেনের এই মন্তব্যে কিন্তু পরিষ্কার করে বোঝা যায়নি, আদৌ নাদির শাহ বিপিএলের কোনো ম্যাচ পরিচালনার দায়িত্ব পাবেন কি না।বিপিএলের ম্যাচ পরিচালনার জন্য বিসিবি আমাদের যে তালিকা দিয়েছে, তাতে রয়েছেন এনামুল হক, শরফুদ্দৌলা ইবনে শহীদ, আনিসুর রহমান, মাসুদুর রহমান, গাজী সোহেল, তানভীর আহমেদ, মাহফুজুর রহমান।দুজন বিদেশি আম্পায়ারের নামও এই তালিকায় রয়েছে। তাঁরা হলেন ইংল্যান্ডের জারমেই লয়েড ও দক্ষিণ আফ্রিকার ডেভিড অরচার্ড।