বিপিএলে প্রথম জয় রংপুরের
ঢাকা গ্ল্যাডিয়েটরসের কাছে ৩৫ রানের হার দিয়ে বিপিএলে যাত্রা শুরু করেছিল রংপুর রাইডার্স। তবে জয়ের মুখ দেখতে খুব বেশি অপেক্ষা করতে হলো না নবাগত এই দলটির। আজ চিটাগাং কিংসের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে আব্দুর রাজ্জাকের নেতৃত্বাধীন রংপুর রাইডার্স। জয়ের জন্য ১৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে খানিকটা ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়লেও শামসুর রহমান ও নাসির হোসেনের দারুন ব্যাটিংয়ে জয়ের বন্দরে পৌঁছায় রংপুর। জয়ের জন্য ১৩৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ওপেনার ইমরুল কায়েসের উইকেট হারায় রংপুর রাইডার্স। এরপর উইকেটে এসেই ঝড়ো ব্যাটিং শুরু করেছিলেন নেইল ও’ব্রায়েন। ষষ্ঠ ওভারে আইরিশ এই ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়েছেন চিটাগাংয়ের অধিনায়ক মাহমুদুল্লাহ। ১৭ বলে ২১ রান করে ফিরে গেছেন নেইল। ১০ম ওভারে কেভিন ও’ব্রায়েনকেও আউট করে রংপুরকে চাপের মুখে ফেলে দেন শন টেইট। সেসময় স্কোরবোর্ডে জমা হয়েছিল ৫৫ রান। চতুর্থ উইকেটে ৬৮ রানের চমত্কার এক জুটি গড়ে দলকে জয়ের পথে নিয়ে যান শামসুর রহমান ও নাসির হোসেন। ৪৫ বলে ৫২ রানের দায়িত্বশীল এক ইনিংস খেলে আউট হয়েছেন শামসুর। আর ৩৩ বলে ৪৫ রান করে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন নাসির। চিটাগাংয়ের পক্ষে ২১ রানের বিনিময়ে দুইটি উইকেট নিয়েছেন জ্যাকব ওরাম।