বিপিএলে বাংলাদেশের দিন
বিপিএলে আজ দারুণ একটি দিন কাটালেন বাংলাদেশি ক্রিকেটাররা। ব্যাটে-বলে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে তাঁরা প্রমাণ করে দিলেন, যা-ই বলা হোক না কেন, বিপিএল বাংলাদেশেরই প্রতিযোগিতা।মাহমুদউল্লাহ আর অলক কাপালিকে দিয়ে শুরু। চিটাগং কিংসের জিয়াউর রহমানও কম যাননি। অধিনায়ক মাহমুদউল্লাহর সঙ্গে দারুণ এক ম্যাচজয়ী জুটির অংশীদার তিনি। নিজেও ৪৮ রান করে চিটাগং কিংসের জয়ে রেখেছেন দারুণ ভূমিকা। দিনের দ্বিতীয় ম্যাচেও সাকিব-মুশফিকুরদের দাপট। বিপিএলে দলগুলোর হার-জিতের চেয়েও বড় হয়ে দেখা দেওয়া দেশের ক্রিকেটারদের কাছে ভালো পারফরম্যান্সের প্রত্যাশা তাঁরা আজ বেশ ভালোভাবেই মিটিয়েছেন।খুলনা রয়েল বেঙ্গলসের প্রথম চার ব্যাটসম্যানই বিদেশি। শিবনারায়ণ চন্দরপল, হার্শেল গিবস, সনাত্ জয়াসুরিয়া, ডুয়াইন স্মিথ-নামগুলোও বিশ্ব ক্রিকেটের প্রেক্ষাপটে বেশ ভারী। এর পরই উইকেটে আসেন সাকিব আল হাসান ও নাসির হোসেনরা। কিন্তু আজ খুলনাকে ডোবানোর জন্য শীর্ষ চার বিশ্বতারকাই ছিলেন দায়ী। সাকিব ও নাসিরের জুটি শেষ পর্যন্ত মান বাঁচানোয় সহায়ক হয়েছে। সাকিব তো ৪৪ রান করে খুলনাকে এনে দিয়েছেন মোটামুটি লড়াই করার মতো রসদ।খুলনার রান তাড়া করতে নেমে জুনায়েদ সিদ্দিকী দুরন্ত রাজশাহীকে এনে দিয়েছেন দুরন্ত সূচনা। শেষ অবধি মুশফিকুর রহিমের আরও একটি ক্যামিও ইনিংস জয় নিশ্চিত করল রাজশাহীর।দুই ম্যাচেই দুই ম্যান অব দ্য ম্যাচ দুই বাংলাদেশি। বিপিএল শুরু হওয়ার পর মাত্র তিনজন বাংলাদেশি ক্রিকেটারের ম্যান অব দ্য ম্যাচ হওয়া—পীড়িত হওয়ার মতোই ব্যাপার। তবে সাকিব ও মুশফিকুর দুজনই বলেছেন, বাংলাদেশি ক্রিকেটাররা পারফর্ম করা শুরু করেছে এবং এটা অব্যাহত থাকবে।‘বাংলাদেশি ক্রিকেটাররা ভালো খেলছে, একেবারেই যে ভালো খেলছে না, এটা ঠিক না। আজ রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) ভালো খেলেছেন, আমি ভালো খেলেছি। তরুণেরাও যার যার অবস্থান থেকে ভালো পারফর্ম করছে। এটা অব্যাহত থাকবে বলেই আমার বিশ্বাস।’মুশফিকুর রহিম বললেন, ‘গেইল ও পোলার্ডের মতো অসাধারণ প্রতিভা হয়তো আমাদের ক্রিকেটারদের নেই। কিন্তু গত কয়েকটি ম্যাচে তাদের পারফরম্যান্সই প্রমাণ করে, তারা মাঠে শতভাগই দেওয়ার চেষ্টা করে।’জাতীয় দলের সাবেক ও বর্তমান অধিনায়কের কথা অনুযায়ী বাংলাদেশের ক্রিকেটাররা পারফর্ম করা শুরু করেছে। আর তাদের এই পারফরম্যান্সই এখন থেকে বিপিএলকে দেবে অন্য মাত্রা।বিপিএলে কিন্তু ক্রিকেটমোদীরা তাঁদের পারফরম্যান্সই দেখতে চায়!