বিপিএলেও তিন মিনিটের নীরবতা
কাদের মোল্লাসহ সব মানবতাবিরোধী অপরাধীর ফাঁসির দাবিতে আজ মঙ্গলবার তিন মিনিটের জন্য স্তব্ধ হয়ে পড়ে পুরো দেশ। শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলনকারীদের ডাকে একাত্মতা পোষণ করেন নানা শ্রেণী-পেশার মানুষ বিকেল চারটা থেকে চারটা তিন মিনিট পর্যন্ত যে যাঁর অবস্থানে থেকে দাঁড়িয়ে নীরবতা পালন করেন। এই কর্মসূচিতে সরব উপস্থিতি ছিল বিপিএলের ক্রিকেটারদেরও।যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে অষ্টম দিনে পা রেখেছে শাহবাগের প্রজন্ম চত্বর। নীরবে দাঁড়িয়ে চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করা থেকে বাদ যায়নি মিরপুর স্টেডিয়ামও। খেলোয়াড়, কর্মকর্তা, দর্শক, সাংবাদিকসহ আরও অনেকে স্টেডিয়ামে তিন মিনিট দাঁড়িয়ে একাত্মতা প্রকাশ করেন শাহবাগের আন্দোলনের সঙ্গে।মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আজ বেলা সাড়ে তিনটায় শুরু হয় বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) সিলেট রয়্যালস ও খুলনা রয়েল বেঙ্গলসের ম্যাচটি। ম্যাচ চলার সময় শাহবাগের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে বিকেল চারটা বাজতেই খেলা বন্ধ রেখে তিন মিনিট নীরবতা পালন করা হয়। এই কর্মসূচিতে অংশ নেন খেলোয়াড়, বিসিবির সভাপতি, বিসিবির কর্মকর্তা, ক্রীড়া সাংবাদিকসহ উপস্থিত দর্শকেরা।খেলা বন্ধ করে মাঠের মাঝে জড়ো হন দুই দলের খেলোয়াড়েরা, প্রেস বক্সের ছাদে ওঠেন ক্রীড়া সাংবাদিক এবং মাঠের পশ্চিম দিকে লাইন ধরে দাঁড়িয়ে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন, বিপিএলের গভর্নিং কাউন্সিলের কর্মকর্তা, বিসিবির এডহক কমিটির পরিচালকবৃন্দ তিন মিনিট নীরবতা পালন করেন। খবর বাসসের।