বিপিএলেও প্রাইম ব্যাংক
প্রিমিয়ার লিগের দল ওল্ড ডিওএইচএস কেনার পর বিসিএলে দক্ষিণাঞ্চলের ফ্র্যাঞ্চাইজির মালিক হয়েছে প্রাইম ব্যাংক। ক্রিকেটের সঙ্গে নিজেদের আরও বেশি সম্পৃক্ত করেছে বেসরকারি এই ব্যাংক, এবার তারা বিপিএলের টাইটেল স্পনসর। দ্বিতীয় বিপিএল উদ্বোধন হচ্ছে ১৭ জানুয়ারি।স্পনসর বাবদ বিপিএলের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান গেম অনকে মোট সাত কোটি টাকা দেবে প্রাইম ব্যাংক। অগ্রিম হিসেবে সাড়ে চার কোটি টাকার চেক কালই তুলে দেওয়া হয়েছে গেম অনের কর্ণধার এনায়েতুর রহমানের হাতে। বাকি টাকার মধ্যে এক কোটি টাকা প্রাইম ব্যাংক খরচ করবে টুর্নামেন্টের প্রচারণায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল অনুষ্ঠিত টাইটেল স্পনসরের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়েছে এসব তথ্য।ক্রিকেটে আসার পর থেকেই একাডেমি করার কথা বলছে প্রাইম ব্যাংক। কাল ব্যাংকের চেয়ারম্যান সিরাজুল ইসলাম মোল্লা জানালেন, ‘এটা আমাদের পরিচালনা পরিষদের সিদ্ধান্ত। আমরা দু-তিনটা জায়গা দেখেছি একাডেমির জন্য। আশা করি, দ্রুতই আমরা একাডেমির কাজে হাত দিতে পারব।’ সংবাদ সম্মেলনে আরও ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এহসান খসরু, বিসিবি সভাপতি নাজমুল হাসান, বিপিএল গভর্নিং কাউন্সিল প্রধান আফজালুর রহমান সিনহা ও সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক।