বিপিএলের আরেক বলি মাশরাফি!
শাহরিয়ার নাফীসেরটা দুর্ঘটনা। কিন্তু বিপিএলের চোট শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে দিয়েছে নাঈম ইসলাম ও এনামুল হক জুনিয়রকে। এবার সেই বিপিএলের বলি হতে চলেছেন মাশরাফি বিন মুর্তজাও। বিপিএলের ফাইনালে বাঁ পায়ের গোড়ালিতে পাওয়া চোট এখনো ভালো না হওয়ায় জাতীয় দলের এই পেসারের শ্রীলঙ্কা যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।শ্রীলঙ্কা সফরের টেস্ট দলে না থাকলেও টি-টোয়েন্টি ও ওয়ানডের দলে সন্দেহাতীতভাবেই থাকার কথা তাঁর। অথচ কাল জানা গেল, শ্রীলঙ্কা সফরের বাকি অংশে মাশরাফির যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। বাঁ পায়ের ব্যথা এখনো এতটাই বেশি, অনুশীলনে দৌড়াদৌড়ি করতে পারলেও পারছেন না বোলিং করতে। গোড়ালিতে একটু চাপ পড়লেই প্রচণ্ড ব্যথা হচ্ছে। মাশরাফির ভাষায়, ‘বোলিংয়ের সময় হিলে চাপ পড়লে কারেন্টের মতো বাড়ি দিচ্ছে।’ দু-তিন দিন আগে করা এমআরআই স্ক্যানের পর তাই চিকিৎসকেরা বিশ্রামই দিয়ে দিয়েছেন মাশরাফিকে। বিসিবির চিকিৎসক মনিরুল আমিন অবশ্য আশাবাদী, ‘এই ইনজুরিটাকে বলে ফ্যাট প্যাড কন্টিউশন। এসব ইনজুরি ভালো হতে ২১ দিন লাগে। ১৭ দিনের মতো হয়েছে। আশা করি, বাকি কয় দিনের মধ্যে ও সুস্থ হয়ে উঠবে।’ কিন্তু আশাবাদী নন জাতীয় দলের ফিজিও বিভব সিং। শ্রীলঙ্কায় দলের সঙ্গে থাকা বিভব চোটের ব্যাপারে বিস্তারিত জেনে কাল প্রধান নির্বাচক আকরাম খানকে ই-মেইলে জানিয়েছেন, ২৩ মার্চ ওয়ানডে সিরিজ শুরুর আগে মাশরাফির সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম। চোটে পড়ার ১৭ দিন পরও ব্যথাটা যে মাত্রার, আশা ছেড়ে দিয়েছেন মাশরাফি নিজেও, ‘এখন যা অবস্থা, বলতে পারেন আমি আশা ছেড়েই দিয়েছি। মিরাকল কিছু না ঘটলে শ্রীলঙ্কা যাওয়ার সম্ভাবনা নেই।’ শুধু গোড়ালিতে নয়, ছোটখাটো একটা চোট আছে মাশরাফির একই পায়ের কনিষ্ঠ আঙুলেও।ফিজিওর ই-মেইল পেয়ে যারপরনাই হতাশ প্রধান নির্বাচক আকরাম খান। মাশরাফিকে শ্রীলঙ্কা সফরে পাচ্ছেন না বলেই ধরে নিয়েছেন তিনি, ‘ইনজুরি নিয়ে কেউ দলকে সার্ভিস দিতে পারে না। তা ছাড়া এভাবে খেলা খেলোয়াড়ের জন্যও ঝুঁকিপূর্ণ। কাজেই কারও ইনজুরি থাকলে আমরা তাঁকে দলে নেব না। ফিজিওর ই-মেইল পড়ে মনে হচ্ছে মাশরাফির পক্ষে শ্রীলঙ্কা যাওয়া সম্ভব হবে না। সে ক্ষেত্রে আমরা বিকল্প কাউকে নেব।’ওদিকে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজের জন্য টেস্ট দলের বাইরে থাকাদের নিয়ে একাডেমির কোচ রিচার্ড ম্যাকিন্স অনুশীলন চালালেও সেখানে নাকি আসছেন না অনেক খেলোয়াড়ই। প্রধান নির্বাচক ক্ষুব্ধ সেটা নিয়েও।