বিপিএলের ছায়া প্রিমিয়ার লিগেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলবদল হলে সাকিব-তামিম-মুশফিকদের দাম উঠতে পারত ৪০ লাখ টাকার ওপরে। কিন্তু ‘প্লেয়ার বাই চয়েজে’র সীমারেখা টেনে দিয়ে এবারের প্রিমিয়ার ক্রিকেট লিগে সেসব খেলোয়াড়কেই খেলানো হয়েছে ২২ লাখ টাকায়। অন্যবারের তুলনায় অর্ধেক বা তার চেয়ে কম দামে খেললেও এখনো প্রতিশ্রুত টাকার অর্ধেকও পাননি বেশির ভাগ ক্রিকেটার। বাকি টাকা কবে নাগাদ পাওয়া যাবে, সেটিও অজানা।

ক্লাবগুলোর দাবির মুখে খেলোয়াড়দের উচ্চমূল্যে লাগাম পরাতেই এবারের লিগে অভিনব ‘প্লেয়ার বাই চয়েজ’ পদ্ধতিতে খেলোয়াড় বাছাই হয়েছিল। এই পদ্ধতিতে লিগ চলাকালীন ৪০ ও ৩০ শতাংশ করে দুই কিস্তিতে ৭০ শতাংশ এবং লিগ শেষ হওয়ার এক মাসের মধ্যে বাকি ৩০ শতাংশ টাকা দেওয়ার কথা খেলোয়াড়দের। নিয়মটা মানা হলে এত দিনে অন্তত ৭০ ভাগ টাকা পেয়ে যেতেন সব ক্রিকেটারই। বাকি ৩০ শতাংশ টাকা পেতেন ২৯ ডিসেম্বরের মধ্যে। অথচ বেশির ভাগ ক্রিকেটারকে এখন পর্যন্ত কেবল প্রথম কিস্তির ৪০ শতাংশ টাকা পেয়েই ‘সন্তুষ্ট’ থাকতে হচ্ছে। কেউ কেউ তো পাননি কানাকড়িও!

এদিক দিয়ে গাজী ট্যাংক ক্রিকেটার্স, প্রাইম দোলেশ্বর এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের খেলোয়াড়েরা সৌভাগ্যবানই। এই তিন ক্লাব সময়মতো প্রাপ্য টাকা তুলে দিয়েছে খেলোয়াড়দের হাতে। প্রাইম দোলেশ্বরের খেলোয়াড়েরা তো লিগের এক ম্যাচ বাকি থাকতেই পেয়ে গেছেন পুরো টাকা। দলের অধিনায়ক ফরহাদ রেজা কাল টেলিফোনে বলছিলেন, ‘যারা সব ম্যাচ খেলতে পারেনি, তাদেরও পুরো টাকা দিয়েছে ক্লাব। এ ছাড়া শুধু বোনাস বাবদই আমরা ২০ লাখের ওপরে টাকা পেয়েছি।’

চ্যাম্পিয়ন গাজী ট্যাংকও গড়েছে একই দৃষ্টান্ত। যাঁরা সব ম্যাচ খেলতে পারেননি, ‘প্লেয়ার বাই চয়েজে’ নির্দিষ্ট করা দামের পুরোটা দেওয়া হয়েছে তাঁদেরও। এ ছাড়া মোহামেডানও ৭০ থেকে ৭৫ ভাগ টাকা দিয়ে দিয়েছে বেশির ভাগ খেলোয়াড়কে। সিসিডিএম এর মধ্যেই সব ক্লাবকে চিঠি দিয়ে খেলোয়াড়দের দেওয়া টাকার বিস্তারিত জানতে চেয়েছে। কিন্তু ‘সংগত’ কারণেই চিঠির জবাব দিয়েছে শুধু খেলোয়াড়দের পুরো টাকা শোধ করা ক্লাবগুলো। বাকিদের মধ্যে বড় একটা ক্লাব এমন চিঠি পেয়ে উল্টো গোস্সাই করেছে সিসিডিএমের ওপর।

ক্লাব থেকে এখন পর্যন্ত এক টাকাও না পাওয়া খেলোয়াড়ও আছেন। সিসিডিএম প্রধান আ জ ম নাসিরের ক্লাব ব্রাদার্সের তারেক আজিজ ও ভিক্টোরিয়ার রবিউল ইসলাম যেমন। ব্রাদার্সের অন্যরা সর্বোচ্চ ৪০ ভাগ টাকার চেক পেলেও তারেকের সেই চেক বাউন্স করায় তাঁর প্রাপ্তির খাতা এখনো শূন্য। চোটের কারণে লিগের সব ম্যাচ খেলতে না পারলেও ভিক্টোরিয়ার হয়ে চারটি ম্যাচ খেলেছিলেন রবিউল। সেই চার ম্যাচের টাকা এখনো জমা পড়েনি তাঁর অ্যাকাউন্টে। ভিক্টোরিয়ার বাকি খেলোয়াড়দের কেউও এখনো ৪০ শতাংশের বেশি টাকা পাননি বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটারের ক্ষোভ, ‘লিগ শুরুর পরপর ৪০ পার্সেন্ট টাকা দেওয়া হয়েছে। বাকি টাকার কোনো খবর নেই।’ একই অবস্থা ব্রাদার্সেরও। তবে ব্রাদার্স কর্মকর্তারা নাকি খেলোয়াড়দের জানুয়ারির মধ্যে বাকি টাকা শোধ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

কলাবাগান ক্রীড়া চক্র দিয়েছে ৫০ শতাংশের মতো টাকা। বাকি টাকা এ মাসের শেষ নাগাদ দিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ক্লাব। তবে আবাহনী, শেখ জামাল ধানমন্ডি, কলাবাগান ক্রিকেট একাডেমি এবং খেলাঘর—দু-একটা ব্যতিক্রম বাদ দিলে এই চার ক্লাবের কোনোটিই এখনো ৪০ শতাংশের বেশি টাকা দেয়নি। পারিবারিক প্রয়োজনে নাবিল সামাদকে কিছু বেশি (৫০ শতাংশ) টাকা দিয়েছে আবাহনী। খেলাঘরের অন্য কেউ ৪০ শতাংশের বেশি টাকা না পেলেও অধিনায়ক ফয়সাল হোসেন নিয়ে নিয়েছেন পাওনা ১০ লাখ টাকার ৬০ শতাংশই। শেখ জামাল লিগের শুরুতে দিয়েছে ৪০ শতাংশ, বাকি ৬০ শতাংশ টাকার চেক দিয়েছে ২ ডিসেম্বর। তবে চেকে ৩১ ডিসেম্বরের তারিখ দেওয়া থাকায় তার আগ পর্যন্ত নিশ্চিন্ত হতে পারছেন না ক্রিকেটাররা।

এসব ক্লাবের ক্রিকেটারদের অভিযোগ, লিগ শেষ হওয়ার পর ক্লাব কর্মকর্তারা তাঁদের ফোন ধরছেন না। ফোন ধরা কর্মকর্তাদের বক্তব্য একটাই, বিসিবি থেকে অনুদানের টাকা পেলে বকেয়া শোধ করা হবে। অথচ বিসিবি এর মধ্যেই প্রিমিয়ার লিগের সব ক্লাবকে ১৫ লাখ টাকা করে অনুদান দিয়েছে। সুপার লিগে ওঠা ছয় ক্লাব পাবে আরও ১৫ লাখ করে, সুপার লিগে না ওঠা ক্লাবগুলো ১০ লাখ করে।

একদিকে বিসিবির অনুদানে পকেট ভারী, অন্যদিকে ‘প্লেয়ার বাই চয়েজে’র লাগাম। তার পরও খেলোয়াড়দের পারিশ্রমিকের ব্যাপারে ক্লাবগুলোর এমন আচরণ একটা শঙ্কাই জাগায়—বিপিএলের কালো ছায়া কি তবে প্রিমিয়ার ক্রিকেট লিগেও পড়ল!