বিপিএলের ছয় আইকন খেলোয়াড় চূড়ান্ত
বিপিএলের ছয় বাংলাদেশি আইকন খেলোয়াড়ের নাম চূড়ান্ত হয়েছে। চট্টগ্রাম বিভাগের আইকন খেলোয়াড় হয়েছেন তামিম ইকবাল, ঢাকার মোহাম্মদ আশরাফুল, সিলেটের অলক কাপালি, বরিশালের শাহরিয়ার নাফীস, রাজশাহীর মুশফিকুর রহিম ও খুলনার সাকিব আল হাসান।কাল বিপিএল গভর্নিং কাউন্সিলের সভায় চূড়ান্ত হয়েছে এই নামগুলো। সভা শেষে গভর্নিং কাউন্সিলের সদস্য ও বিসিবির পরিচালক জালাল ইউনুস জানিয়েছেন, প্রতিটি ফ্র্যাঞ্চাইজির সর্বোচ্চ দাম পাওয়া খেলোয়াড়দের চেয়ে আইকন খেলোয়াড়েরা ৫ শতাংশ বেশি টাকা পাবেন।ওদিকে ১০ ফেব্রুয়ারি থেকে শুরু বিপিএলে খেলার জন্য আগ্রহ প্রকাশ করছেন অনেক বিদেশি খেলোয়াড়। এঁদের মধ্যে আছেন কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো, হার্শেল গিবস, শোয়েব মালিক, সনাৎ জয়াসুরিয়া, ফিদেল এডওয়ার্ডসের মতো খেলোয়াড়ও। এ রকম দুই শতাধিক খেলোয়াড়ের মধ্য থেকে বাছাইকৃত ১০০ খেলোয়াড়কে ডাকা হবে নিলামে।নিলামে বাংলাদেশি খেলোয়াড়ও থাকবেন ১০০ জন। জালাল ইউনুস জানিয়েছেন, ‘দেশি ও বিদেশি খেলোয়াড়দের “এ”, “বি” ও “সি”—এই তিন শ্রেণীতে নিলাম হবে। “এ” শ্রেণীর ন্যূনতম দর এক লাখ ডলার, “বি” শ্রেণীর ৫০ হাজার ও “সি” শ্রেণীর ২৫ হাজার ডলার।’ নির্বাচকদের কাছ থেকে আজই নিলামের জন্য দেশি খেলোয়াড়দের তালিকা পাওয়ার কথা বলে জানিয়েছেন তিনি।আগামী ১৪ ও ১৫ জানুয়ারি কক্সবাজারে বিপিএলের খেলোয়াড়দের নিলাম হওয়ার কথা।