বিপিএলের টাকা নিয়ে সেই আশায় বসতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক দেনদরবারের পর গত বৃহস্পতিবার আবারও একটা ব্যাংক গ্যারান্টি দিয়েছে গেম অন। অঙ্কটা মাত্র ১০ কোটি টাকার। অথচ বিপিএল গভর্নিং কাউন্সিলের দাবি অনুযায়ী সব মিলিয়ে গেম অনের কাছে বিসিবির পাওনা ২৮ কোটি টাকার মতো।বিপিএলের প্রথম আসর থেকেই গেম অন নামের ভূত চেপে বসে আছে বিসিবির ওপর। মালিকানা বদলে দ্বিতীয় বিপিএলে সেই ভূত আরও চেপে বসেছে। যেখানে ইভেন্ট ম্যানেজমেন্টের হাতে সব কিছু সঁপে দিয়ে বিপিএলের লাভের টাকা গোনার কথা বিসিবির, সেখানে বিসিবি কর্মকর্তাদের অর্ধেক ঘুম হারাম করে রেখেছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি গেম অনই।১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি পাওয়ার পর কাল বিপিএল গভর্নিং কাউন্সিল দেনা-পাওনার হিসাব নিয়ে বসেছিল গেম অনের সঙ্গে। গেম অন প্রধান এনায়েতুর রহমানকে সেখানেই জানিয়ে দেওয়া হয়, প্রাইজমানির ৮ কোটি টাকাসহ তাদের কাছে পাওনার অঙ্কটা মোট ২৮ কোটি টাকা। পরে প্রেস ব্রিফিংয়েও গেম অনের কাছে বিসিবির ২৮ কোটি টাকা পাওনা আছে বলে জানান বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক। যদিও এনায়েতুর রহমান তাঁর এই ঋণের বোঝার অঙ্কটা এড়িয়েই যেতে চেয়েছিলেন।তবে তিনি প্রতিশ্রুতি দিলেন, ‘হিসাব-নিকাশ করার পর যেটা দাঁড়ায়, সেটা আমরা দিয়ে দেব। ১০ কোটির বেশি হলেও আমরা দিয়ে দেব।’ অবশ্য এই হিসাব-নিকাশের মধ্যে বিসিবির কাছে গেম অনেরও কিছু পাওনা আছে বলে দাবি তাঁর, ‘এবার ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিটা বোর্ড করেছে। আমরা ওখান থেকে কিছু টাকা পাব। টিকিটের টাকা পাব। সবকিছু মিলিয়েই তাঁদের যেমন পাওনা আছে, আমাদেরও আছে। এ দুটো মেলাতে হবে।’ গত বিপিএলে পাকিস্তানি খেলোয়াড়েরা খেলেনি বলেও বিসিবির কাছ থেকে কিছু ছাড় চাচ্ছে গেম অন। বিসিবি ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে এর মধ্যেই ২৫ কোটি টাকা পেয়ে গেছে বলেও দাবি এনায়েতুরের।দেনা-পাওনার ফয়সালা করতে আগামী বুধবার আবারও বসার কথা বিপিএল গভর্নিং কাউন্সিল ও গেম অনের। বিপিএল প্রধান আফজালুর রহমান সিনহার আশা, সমস্যা সমাধানে আর এক মাসও লাগবে না। একই আশার কথা শোনালেন ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে দেনা-পাওনার ক্ষেত্রেও। তবে বিপিএলের টাকাপয়সা নিয়ে অতীত অভিজ্ঞতা এমন আশাকে বেশির ভাগ সময় ‘ধন্য আশা কুহকিনী’ করেই রেখেছে। এবার ব্যতিক্রম হলেই হয়।