বিপিএলের টিকিটের দাম এবারও চড়া
প্রথম বিপিএলের অনেক কাণ্ডের মধ্যে টিকিটকাণ্ডও ছিল। শুরুতে টিকিটের দাম ছিল অনেক চড়া। পরে দুই দফা দাম কমানোর পরও গ্যালারি বেশির ভাগ ম্যাচেই ফাঁকা থেকেছে। এবার টিকিটের দাম আরেকটু কমেছে। তবে সেটাও সাধারণ দর্শকদের ক্রয়ক্ষমতার কতটা অনুকূলে, তা নিয়ে খোদ বিপিএল কর্তৃপক্ষেরও প্রশ্ন আছে।প্রশ্ন থাকলেও বেশি কিছু করার নেই। বিপিএলের টিকিট স্বত্ব ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি গেম অনের। এবার তারা সেটা ২০ কোটি টাকায় বিক্রি করেছে অ্যাকটিভ সার্ভিসেস নামে আরেকটি প্রতিষ্ঠানের কাছে। টিকিটের মূল্য নির্ধারণ করেছে তারাই। তবে এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে কাল বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক দাবি করলেন, ‘আমাদের আর্থ-সামাজিক প্রেক্ষিতে টিকিটের দাম একটু বেশি হতে পারে। তবে আমরা অনুরোধ করে সাধারণ গ্যালারির টিকিটের দাম ৪০ শতাংশ কমিয়েছি।’সেটা কমানোর পরও পূর্ব গ্যালারির প্রতি দিনের টিকিট ৩৫০ টাকা। শহীদ মুশতাক ও শহীদ জুয়েল গ্যালারির টিকিট দুই হাজার টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি তিন হাজার টাকা এবং উত্তর ও দক্ষিণ গ্যালারি ৫০০ টাকা। তবে এয়ারটেলের মাধ্যমে টিকিট কিনলে ৩০ শতাংশ ছাড় পাওয়া যাবে। ছাত্ররাও পাবেন এই ছাড়। টিকিটের এই দাম বিপিএলের সব ম্যাচ ও উদ্বোধনী অনুষ্ঠানের জন্যও প্রযোজ্য। একটি টিকিটে দেখা যাবে প্রতি দিনের দুটি ম্যাচ।আগামী ১৩ জানুয়ারি থেকে টিকিট বিক্রি শুরু হবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন অ্যাকটিভ সার্ভিসেসের প্রধান নির্বাহী আসাদুর রহমান। এয়ারটেলের আউটলেট ছাড়া প্রাইম ব্যাংকের বিভিন্ন শাখা থেকেও টিকিট বিক্রির আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি। ম্যাচের দিন টিকিট পাওয়া যাবে স্টেডিয়ামের কাউন্টারেও। একজন দর্শক প্রতি ম্যাচের দুটির বেশি টিকিট কিনতে পারবেন না। পাঁচ বছরের কম বয়সী শিশুদের টিকিট লাগবে না। খেলা দেখতে আসা দর্শকদের মধ্যে হবে লটারি। সৌভাগ্যবান বিজয়ীদের ওয়ালটনের সৌজন্যে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে।