বিপিএলের দাপটে প্রিমিয়ার লিগ স্থগিত
বিপিএলের কারণে ঘরোয়া ক্রিকেট এখন একেবারে বিপর্যস্ত। বিপিএলের কারণেই জাতীয় লিগ স্থগিত করে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করা হয়েছিল। এবার বিপিএলের দাপটে আকস্মিকভাবেই প্রিমিয়ার লিগও বন্ধ করে দেওয়া হলো।গতকাল বিপিএলের গভর্নিং কমিটি ঢাকা প্রিমিয়ার লিগের আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশকে (সিসিডিএম) লিগ বন্ধ করতে বলে। পরে বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী চিঠি দিয়ে এ সিদ্ধান্তের কথা জানান।সিসিডিএমের সদস্যসচিব ইকবাল ইউসুফ চৌধুরী জানিয়েছেন, সিদ্ধান্ত নেওয়ার আগে সিসিডিএমের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি, ‘বিপিএলের একটি সমন্বয় সভায় লিপু ভাই (বিপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান) আমাকে বলেন, লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে। পরে ভারপ্রাপ্ত সিইওর একটা চিঠি পাই, যাতে লেখা বোর্ড সভাপতি লিগ স্থগিত করতে বলেছেন।’আজ প্রিমিয়ার লিগের তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল। ক্লাব কর্মকর্তারা লিগ স্থগিতের প্রতিবাদে কাল রাতেই ঢাকার একটি হোটেলে সভায় বসেন। সভায় বিসিবিকে ২৪ থেকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই সময়ের মধ্যে লিগের খেলা শুরু না হলে পরে ক্লাবগুলো আর কোনো খেলায় অংশ নেবে না। এ ছাড়া লিগ শেষ না হওয়া পর্যন্ত খেলোয়াড়দের যেহেতু ক্লাবের অধীনে থাকার কথা, বিপিএলের জন্য কোনো ক্লাব খেলোয়াড় ছাড়বে না বলেও সিদ্ধান্ত হয়েছে। আজ এসব সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানাবে ক্লাবগুলো। কালকের সভায় আবাহনী ও মোহামেডান ছাড়া প্রিমিয়ার লিগের বাকি ১০টি ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।বিপিএলের ছয়টি ফ্র্যাঞ্চাইজি দল একসঙ্গে বেশি দিন প্র্যাকটিস করার সুযোগের দাবিতে প্রিমিয়ার লিগ স্থগিত করার দাবি তুললে সিসিডিএমের সভায় সেই দাবি প্রত্যাখ্যাত হয়েছিল।ওদিকে সিসিডিএম চেয়ারম্যান জি এস হাসান তামিম গতকাল পদত্যাগ করেছেন। তামিমের সঙ্গে চেষ্টা করেও ফোনে যোগাযোগ করা যায়নি। তবে বিসিবির একটি সূত্র তাঁর পদত্যাগের ব্যাপারটি নিশ্চিত করেছে। ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পদত্যাগ করলেও গত পরশু সূর্যতরুণকে প্রথম বিভাগে নামিয়ে দেওয়ার সিদ্ধান্তটি মানতে না পেরেই নাকি তামিমের এই সিদ্ধান্ত।