বিপিএলের প্রাপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপিএল নিয়ে আলোচনা-সমালোচনার অন্ত নেই। টি-টোয়েন্টি ফরম্যাটে অত্যন্ত দুর্বল বাংলাদেশি ক্রিকেটারদের বৃহত্তর পরিসরে টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে পরিচিত করার উদ্দেশ্যই ছিল বিপিএল আয়োজনের মূল। সেই লক্ষ্যে কতটুকু অগ্রসর হতে পেরেছে বিসিবি—এ দেশের ঘরোয়া খেলাধুলার ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল এই আয়োজনের পর ক্রিকেটামোদীদের মধ্যে ঘুরেফিরেই আসছে এই প্রশ্ন।বিপিএল আয়োজনের আগে অনেক ক্রিকেটবোদ্ধাই বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটের ভিত শক্ত করার কথা বলেছিলেন। কিন্তু প্রিমিয়ার ক্রিকেট লিগ ও জাতীয় লিগ স্থগিত করে আয়োজিত বিপিএল থেকে আমরা কী পেলাম, সেই উত্তর এখন খুঁজতেই হচ্ছে। সেদিক দিয়ে বিচার করলে বিপিএল আয়োজনে এ দেশের ক্রিকেটের প্রাপ্তির খাতা কিন্তু একেবারেই শূন্য নয়। অনেক বিতর্ক, কেলেঙ্কারির মধ্য দিয়ে শেষ পর্যন্ত ভালোভাবেই শেষ করা এই বিপিএল আমাদের দিচ্ছে গর্ব করার মতো কিছু বিষয়ও। সাকিব আল হাসান হয়েছেন ম্যান অব দ্য টুর্নামেন্ট। জিতেছেন সুদৃশ্য একটি হোন্ডা সিটি গাড়ি। ইলিয়াস সানি বল হাতে অনন্য পারফরম্যান্সের স্বাক্ষর রেখেছেন, তিনি পাকিস্তানি মোহাম্মদ সামির সঙ্গে যৌথভাবে হয়েছেন প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেটধারী। আনামুল হক, মোমিনুল হক, জিয়াউর রহমান, নাজমুল ইসলাম মিলন, সাকলাইন সজীব, আরাফাত সানিদের মতো কখনোই জাতীয় দলের হয়ে না খেলা খেলোয়াড়েরা রেখেছেন নিজেদের প্রতিভার দীপ্তি। ছয় আইকন ক্রিকেটার—সাকিব, তামিম, মুশফিক, আলোক কাপালি, আশরাফুল ও নাফীসের মধ্যে তিনজন নিষ্প্রভ থাকলেও বাকিরা ভালোই খেলেছেন। অনেক দিন পর মোহাম্মদ আশরাফুল কিছুটা ধারাবাহিকতার ছাপ রেখেছেন তাঁর খেলায়। মুশফিক প্রায় ম্যাচেই ছিলেন নিজ দল দুরন্ত রাজশাহীর ত্রাণকর্তা, সাকিবের কথা তো আলদাভাবে কিছু বলার নেই। সেমিফাইনালে ঢাকা গ্ল্যাডিয়েটরসের শক্তিশালী বোলিং লাইনআপের সঙ্গে যেভাবে লড়াই করেছেন, তাতে গর্ব হতেই পারে এ দেশের ক্রিকেটামোদীদের। নাসির খারাপ করেননি। সবাইকে ছাপিয়ে ইনজুরির সঙ্গে লড়তে থাকা ঢাকা গ্ল্যাডিয়েটরসের অধিনায়ক মাশরাফি বোলিং-ছন্দে ফিরে, দুর্দান্ত অধিনায়কত্ব আর পারফরম্যান্সে আশ্বস্ত করেছেন সবাইকে।বাংলাদেশের ক্রিকেটের চিরন্তন ব্যর্থতার জায়গা ব্যাটিং নিয়ে কিন্তু চিন্তাটা থেকেই যাচ্ছে। এ দেশীয় ক্রিকেটারদের মধ্যে একমাত্র সাকিব আল হাসানের ব্যাটিং গড়ই বিপিএলে সর্বোচ্চ। তবে সর্বোচ্চ গড়ের ব্যাটসম্যানদের তালিকা করলে সাকিবের স্থান হচ্ছে দশম। আশরাফুল ব্যাটিং গড়ের শীর্ষপর্যায়ে অবস্থান না করলেও তিনি ছিলেন কিছুটা ধারাবাহিক। চল্লিশের ঘরের কয়েকটি স্কোর তাঁকে দিতে পারে আগামীর আত্মবিশ্বাস। প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম করা জাতীয় দলের ওপেনার ইমরুল কায়েসের বিপিএলে নিরুত্তাপ পারফরম্যান্স ভাবিয়ে তুলছে জাতীয় নির্বাচকদের। তামিম ইকবাল দুটি ম্যাচ খেলে আট রান করেছেন ৪ গড়ে। সবচেয়ে বড় কথা, আচরণগত কারণে বিপিএলে তাঁর নিয়মিত খেলতে না পারাও আসন্ন এশিয়া কাপে প্রভাব তৈরি করতে পারে। শাহরিয়ার নাফীস তো অর্ধেক বিপিএল খেলে মাঠের বাইরে থাকাই শ্রেয় মনে করলেন। অলোক কাপালি থেকে গেলেন সেই ব্যর্থতার বৃত্তেই।বোলিংয়ে মাশরাফিই ছিলেন দেশের একমাত্র আলোচিত পেসার। কিছুটা সফল শফিউলও। রুবেল হোসেন বিপিএলের প্রথম দিনই কাঁধে চোট পেয়ে চলে গেছেন মাঠের বাইরে। শোনা গেছে, তাঁর আঘাত গুরুতর। চিকিত্সার কারণে এশিয়া কাপে দলে থাকার কোনো সম্ভাবনাই তাঁর নেই। তবে বাংলাদেশ যে বাঁ-হাতি স্পিনারদের সূতিকাগার, সেটা আবারও প্রমাণ করেছে বিপিএল। ইলিয়াস সানি সর্বোচ্চ ১৭ উইকেট পেয়েছেন। আরাফাত সানি, সাকলাইন সজীব প্রমাণ করেছেন জাতীয় দলে না খেললেও এর জন্য মোটামুটি প্রস্তুতই তাঁরা। এনামুল হক জুনিয়র দীর্ঘদিন পর নিজের সক্ষমতার প্রমাণ রাখলেন। ১৩ উইকেট নিয়ে তিনি জানিয়ে দিয়েছেন, জাতীয় দলের আবার ডাক পাওয়ার জন্য পুরোপুরিই প্রস্তুত তিনি। সব মিলিয়ে বিপিএলে এ দেশীয় ক্রিকেটাররা একেবারেই রিক্তহস্ত নন। বরিশাল বার্নার্সের বিপক্ষে জুনায়েদ সিদ্দিকের অনবদ্য ব্যাটিং, খুলনা রয়েল বেঙ্গলসের বিপক্ষে মোমিনুলের সেই ম্যাচ-জয়ী ইনিংস। কিংবা ফাইনালে আনামুল হকের ঢাকাকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে ফেরা—সবই বিপিএলের প্রাপ্তি। জিয়াউর রহমান ও নাজমুল ইসলাম মিলন দেখিয়ে দিয়েছেন, জাতীয় দল থেকে তাঁদের অবস্থানটা খুব একটা দূরে নয়। বিপিএল এভাবেই এ দেশের ক্রিকেটকে দিয়ে যাক, প্রত্যাশা তো এটাই।