বিপিএলের শিরোপা ঢাকার
ক্যাচ মিস তো ম্যাচ মিস! প্রচলিত এই কথাটিরই যেন আজ বাস্তবে রূপ দিল বরিশাল বার্নার্স। মিরপুরে একের পর এক ক্যাচ মিসের মহড়া দিয়ে প্রথমবারের মতো আয়োজিত বিপিএলের শিরোপা ঢাকা গ্ল্যাডিয়েটরসকে ‘উপহার’ দিল বরিশাল।শিরোপা-নির্ধারণী এই ম্যাচে বরিশালকে ৮ উইকেটে হারিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল ঢাকা। টসে জিতে বরিশালকে ব্যাট করার আমন্ত্রণ জানান মাশরাফি। এ আমন্ত্রণে সাড়া দিয়ে ৭ উইকেটে ১৪০ রান সংগ্রহ করে বরিশাল। জবাবে মাত্র ১৫.৪ ওভার খেলে দুটি উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ঢাকা।ঢাকার জয়ের নায়ক ইমরান নাজির ও আনামুল হক। তাঁদের ১১০ রানের জুটিতেই জয়ের কাছাকাছি পৌঁছে যায় ঢাকা। ৪৩ বলে ৭৫ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন উদ্বোধনী ব্যাটসম্যান নাজির। আনামুল অপরাজিত থাকেন ব্যক্তিগত ৪৯ রানে।বরিশালের ব্যাটসম্যানদের মধ্যে এ ম্যাচে সফলতা পেয়েছেন কেবল উদ্বোধনী দুই ব্যাটসম্যান ব্রাড হজ ও আহমেদ শেহজাদ। ২০ বলে ২৮ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন শেহজাদ। আর এক প্রান্ত আগলে রেখে দলীয় সর্বোচ্চ ৭০ রান করে অপরাজিত থাকেন হজ। বাকি ব্যাটসম্যানরা বলতে গেলে শুধু আসা-যাওয়া করেন। ঢাকার হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন শহীদ আফ্রিদি। নাভিদ উল হাসান নেন দুটি উইকেট।