বিপিএলেরই উল্টো সন্দেহ মেকে
টিম মে যত হুমকিই দেন না কেন, বিপিএল গভর্নিং কাউন্সিল থোড়াই কেয়ার করছে সেসব। গভর্নিং কাউন্সিলের এক সভা শেষে কাল উল্টো সন্দেহ প্রকাশ করা হলো, মে আসলে কোন মতলবে এসব বলছেন।বিপিএল সচিব সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরের দাবি, বিদেশি খেলোয়াড়দের প্রায় পুরো টাকাই পরিশোধ করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিরা, ‘ফ্র্যাঞ্চাইজিদের কাছ থেকে আমরা যে হিসাব পেয়েছি তাতে আয়কর বাদ দিয়ে বিপিএল থেকে বিদেশি খেলোয়াড়েরা মোট পাবেন ২৭ লাখ ৭০ হাজার ডলার। এর মধ্যে ২৪ লাখ ৪০ হাজার ডলারই পরিশোধ হয়ে গেছে। বাকি টাকা ফ্র্যাঞ্চাইজিগুলো আগামী দু-তিন দিনের মধ্যে পরিশোধ করবে।’ফ্র্যাঞ্চাইজিগুলো দু-তিন দিনের মধ্যে টাকা না দিলে এই টাকা বিসিবি পরিশোধ করবে বলেও জানিয়েছেন সচিব। যেসব ফ্র্যাঞ্চাইজির টাকা বোর্ড পরিশোধ করবে, ভবিষ্যতে তাদের সঙ্গে চুক্তি রাখার বিষয়টি ভেবে দেখা হবে বলেও মন্তব্য করেছেন তিনি, ‘আগামী সপ্তাহ থেকে আমরা চুক্তির প্রক্রিয়া শুরু করব। যেসব ফ্র্যাঞ্চাইজির টাকা বাকি থাকবে তাদের সঙ্গে চুক্তি হবে কি না, সেটি বিবেচনা করে দেখব।’ একই কথা দেশি ক্রিকেটারদের ক্ষেত্রেও প্রযোজ্য, বলেছেন বিপিএল সচিব, ‘বাংলাদেশি খেলোয়াড়দের পেমেন্ট ডিটেলস এখনো পাইনি। সেখানেও যদি কারও বকেয়া থাকে সেই টাকা বোর্ড দিয়ে দেবে এবং সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ফ্র্যাঞ্চাইজিরা যেখানে বেশির ভাগ টাকাই পরিশোধের হিসাব দেখাচ্ছে সেখানে টিম মে-র ক্ষোভের কারণ বুঝতে পারছেন না আলমগীর, ‘এখন পর্যন্ত কোনো খেলোয়াড় বা খেলোয়াড়ের এজেন্ট বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে লিখিত অভিযোগ করেনি যে তারা পুরো টাকা পায়নি। তাহলে টিম মে কেন এসব বলছেন, বুঝতে পারছি না। তিনি বিসিবি সভাপতির আইসিসির সভাপতি হওয়ার সম্ভাবনা নিয়ে যে মন্তব্য করেছেন, সেটাও অপ্রত্যাশিত। মে আসলেই খেলোয়াড়দের স্বার্থ কতটা দেখছেন কিংবা অন্য কোনো উদ্দেশ্যও তাঁর আছে কি না, সেসব নিয়ে সন্দেহ আছে।’