বিপুল সংবর্ধনায় স্প্যানিশ বীরদের বরণ
যেন ফিরে এল ২০১০। স্পেনের বিশ্বকাপ জয়ের স্মৃতি। দুই বছর আগে বিশ্বজয়ী স্পেন দলকে নিয়ে যেভাবে বাঁধভাঙা উত্সবে মেতেছিল স্প্যানিশরা, ঠিক একইভাবে আরেকবার দলকে বরণ করে নিল তারা। আরেকবার বিশ্বজয় না হোক, এই দলটা যে সদ্যই ইউরোপ জয় করে এসেছে!উত্সব শুরু হয়ে গিয়েছিল গত পরশু রাত থেকেই। রোববার রাতে ইউরোর ফাইনালে যখন স্পেনের কাছে উড়ে গেল ইতালি, তখন থেকেই অপেক্ষায় ক্ষণগণনা চলছিল বীরদের দেশে ফেরার। কাল স্প্যানিশ ফুটবলারদের নাগালের মধ্যে পেয়ে স্প্যানিশদের উত্সবে যোগ হলো নতুন মাত্রা।স্পেন দলকে বরণ করে নিতে মাদ্রিদ বিমানবন্দরে সমর্থকদের ঢল নামে। বিমান থেকে নেমেই ছাদ খোলা বাসে চড়ে প্লাজা ডি সিবলসে যান খেলোয়াড়েরা। সেখানে বড় মঞ্চ তৈরি ছিল। ছিল ভিডিও স্ক্রিনও। সমর্থকদের সঙ্গে নেচে-গেয়ে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন খেলোয়াড়েরা। মাদ্রিদকে রাঙিয়ে রাতভর চলে উত্সব। রাজপ্রাসাদে দলকে সাদর সম্ভাষণ জানান স্পেনের রাজা হুয়ান কার্লোস। সেখানে উপস্থিত ছিলেন রাজপরিবারের সদস্যরা।‘এই সাফল্যে সন্তুষ্ট আমরা। যা করেছি, সেটা বেশ কঠিন ছিল। আমরা খুশি, কারণ সবাই উপভোগ করছে।’ অধিনায়ক ইকার ক্যাসিয়াসের প্রতিক্রিয়া।কিছুটা ক্লান্ত স্বীকার করে স্ট্রাইকার সেস ফ্যাব্রিগাস বলেন, ‘আমরা খুশি। তবে সেরাটা এখনো আসেনি।’ মিডফিল্ডার জাভি আলোনসোর প্রতিক্রিয়া, ‘আমরা সবাই উদযাপনের অপেক্ষায় ছিলাম। শিরোপাটা আমাদেরই প্রাপ্য ছিল।’২০০৮ সালের ইউরো জয়। এর পর ২০১০ সালের বিশ্বকাপ। পরশু রাতে ইতালিকে ৪-০ গোলে উড়িয়ে ইউরোপের শ্রেষ্ঠত্বটা অক্ষুণ্ন রেখেছে স্পেন। গড়েছে অনন্য দুটি রেকর্ডও। ইউরো-বিশ্বকাপ-ইউরো। প্রথমবারের মতো শিরোপাত্রয়ী জয়ের রেকর্ড। ইতালির বিপক্ষে স্পেনের ৪-০ গোলের জয় ইউরো বা বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানের জয়। উত্সবের উন্মাদনার মধ্যে সেই রেকর্ডের কথাই বললেন হুয়ান নামের ২৮ বছর বয়সী এক ভক্ত—তিনটি শিরোপা জিতে খেলোয়াড়েরা শুধু ইতিহাসই গড়েননি, তাঁরা ইতালির বিপক্ষে চারটি গোল করেছেন। এর আগে কেউ কখনো এটা পারেনি। রয়টার্স।