বিপ্লবের জন্য রাজকীয় বিদায়মঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপ্লব ভট্টাচার্য
বিপ্লব ভট্টাচার্য

সাতসকালে বাংলাদেশ বহরের এক সদস্যকে ফোন করলেন আলবার্তো কোলাসো। দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সাধারণ সম্পাদকের ওই ফোনটা বিশেষ তাৎপর্যপূর্ণ।
ভারতীয় এই ফুটবল সংগঠক জানতে চাইলেন, বাংলাদেশ দলের পরিকল্পনা কী? পরিকল্পনা বলতে বিপ্লব ভট্টাচার্যকে নিয়ে বাংলাদেশ দল কী ভাবছে? বাংলাদেশের তো আসলে ভাবার কিছু নেই। যা ভাবার বিপ্লবই ভাববেন। দুই দিন আগে অভিজ্ঞ গোলরক্ষক বলছিলেন, এই বছরই দেশে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে চান।
কিন্তু খুব সম্ভবত এই কাঠমান্ডুতেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন লাল-সবুজের দীর্ঘদিনের এই সেনানী। কাল তেমনই আভাস দিলেন, ‘এই কাঠমান্ডুতেই আমি শেষ টানব ভাবছি। এটা লিখতে পারেন।’ এবং সেটিও হবে বেশ রাজকীয়। কোলাসো তো সাফের পক্ষ থেকে বিপ্লবকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়ে দিয়েছেন বাংলাদেশ দলকে।
আজ পর্যন্ত সাফ কোনো ফুটবলারকে এতটা সম্মান জানায়নি। বিপ্লব সেই সম্মান আসলে আদায় করেছেন আটটি সাফেরই অংশ হয়ে। দক্ষিণ এশিয়ার আর কোনো ফুটবলারের এই গৌরব নেই। তাই সংবর্ধনার কথা শুনে আপ্লুত দেখায় গত মৌসুমে ‘ট্রেবল’জয়ী শেখ রাসেল অধিনায়ককে, ‘সাফ এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ জানাচ্ছি। এত বড় সম্মান পাব, কখনো ভাবিনি।’
একটু পেছনে ফেরা যাক। নব্বইয়ের গোড়ায় দুবার সার্ক টুর্নামেন্ট হয়েছিল। তারপর ১৯৯৭ সালে সেটি সাফ টুর্নামেন্ট নাম নেওয়ার পর থেকে এখন নেপালে চলছে অষ্টম সাফ ফুটবল। বিপ্লব সাফের সব কটি আসরেই খেলে নিজেকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। তাঁর সময়ের খেলোয়াড়েরা বেশ আগেই অতীতের খাতায় নাম লিখিয়ে ফেলেছেন।
কাঠমান্ডুতে সাফের সভা হবে ১০ সেপ্টেম্বর। সেদিনই বিপ্লবকে সাফের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ার ব্যাপারটা চূড়ান্ত হবে। তত দিন পর্যন্ত বাংলাদেশ দল টুর্নামেন্টে টিকে থাকলে, মানে ফাইনালে উঠলে সেদিনই সংবর্ধনা দেওয়ার ইচ্ছা সাফের। কিন্তু এর আগেই বাংলাদেশ টুর্নামেন্ট থেকে বিদায় নিলে কবে-কখন সংবর্ধনা হবে সেটি এখনো ঠিক হয়নি। ৫ সেপ্টেম্বর গ্রুপ পর্বে শেষ ম্যাচ বাংলাদেশের। তারপর সেমিফাইনাল ৮ ও ৯ সেপ্টেম্বর। ফাইনাল ১১ সেপ্টেম্বর।
যেদিনই সংবর্ধনা হোক, বাংলাদেশের ফুটবলের জন্য এটি বড় প্রাপ্তি। ১৯৯৯ সালে কাঠমান্ডুর সাফ গেমসে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার ফুটবলে প্রথম সোনা উপহার দিতে বিপ্লবের ছিল অগ্রণী ভূমিকা। ভাঙা-গড়ার ভেলায় ভেসে চলা তাঁর ক্যারিয়ার এই দশরথেই শেষ হলে সেটির তাৎপর্য হবে আলাদা। যেখানে নায়ক হয়েছিলেন, সেখানেই আন্তর্জাতিক ম্যাচ থেকে গ্লাভসজোড়া খুলে রাখার সৌভাগ্য কজনের হয়!
বাংলাদেশের অনেক বড় বড় তারকার ক্যারিয়ার শেষ হয়েছে নীরবে। মাঠ থেকে অবসর নেওয়ার সুযোগ বা ভাগ্য কোনোটাই হয়নি। বিপ্লবকে দেখে তাঁদের হিংসা হতে পারে। সাফের এত বড় মঞ্চ কিনা এভাবে ‘বীরপুত্র বিদায়ে’ তৈরি হচ্ছে!
এখানে বিদেশি সংবাদমাধ্যমেরও বেশ মনোযোগ পাচ্ছেন বাংলাদেশের ফুটবল মাঠের বহু যুদ্ধের অগ্রনায়ক। আটটি সাফেই খেলা একমাত্র গোলরক্ষক তো বটেই, একমাত্র খেলোয়াড়কে নিয়ে কলকাতার কাগজসহ ভারতীয় মিডিয়া ‘স্টোরি’ করছে। কখনো ধৈর্য না হারিয়ে দাঁতে দাঁত চেপে দলের সঙ্গী হওয়ার স্বীকৃতিই তো এটা।
অথচ গতকালও নেপালের বিপক্ষে বিপ্লবকে বসে থাকতে হয়েছে বেঞ্চে! তাতে অবশ্য তাঁর ক্ষোভ নেই এতটুকু। ৩৫ পেরিয়েও যে তিনি ধৈর্যের প্রতিমূর্তি!