বিপৎসংকেত দেখছেন মিসবাহ
সংকটাপন্ন পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেট! দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফিরে এই কথা বললেন খোদ মিসবাহ-উল হক। সফরে পাকিস্তান ওয়ানডে সিরিজে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করে ২-৩ ব্যবধানে সিরিজ হারলেও তিন টেস্টের সিরিজে হয়েছে ধবলধোলাই। দলের নাজুক এই পারফরম্যান্সকে বড় বিপদের আগে সতর্কসংকেত হিসেবেই দেখছেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক, ‘দুটো সিরিজই আমাদের জন্য ছিল হতাশাজনক। ওয়ানডে সিরিজে কিছুটা ভালো করেছি আমরা। কিন্তু টেস্টে কিছু করতে পারিনি। এটা একটা সংকটাপন্ন অবস্থা, যেখান থেকে আমাদের অনেক উন্নতি করতে হবে।’পাকিস্তানের ব্যর্থতা সবচেয়ে বেশি চোখে পড়েছে ব্যাটিংয়ে। দক্ষিণ আফ্রিকার বিশ্বমানের পেস আক্রমণের মুখে পুরো সিরিজেই যুঝতে হয়েছে পাকিস্তানি ব্যাটসম্যানদের। মিসবাহ স্বীকার করে নিচ্ছেন, ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণেই সিরিজ হয়েছে একপেশে। তবে এ-ও বলছেন, ‘টেস্ট কি ওয়ানডে, দুই সিরিজেই পিচ ছিল এমন, যেখানে হাশিম আমলার মতো বড় মাপের ব্যাটসম্যানকেও রানের জন্য লড়াই করতে হয়েছে।’ তবে পিচকে নিজেদের ব্যর্থতার ঢাল বানাতে চান না মিসবাহ, ‘আমরা দায়িত্বজ্ঞানহীন অনেক শটও খেলেছি। ব্যাটিং নিয়ে আমাদের ভাবার সময় এসেছে।’ এএফপি।