বিফলে গেল তামিমের ৭৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তামিম ইকবাল
তামিম ইকবাল

অবশেষে তামিম ইকবাল ফিরলেন স্বরূপে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) কালই প্রথম পেল ‘আসল’ তামিমকে। সেন্ট লুসিয়ার বেশোজা স্টেডিয়ামে সেন্ট লুসিয়া জুকসের হয়ে জ্যামাইকা তালাওয়াসের বিপক্ষে ৬২ বলে ৭৫ রান করেছেন বাঁহাতি ওপেনার। তার পরও হেরেছে তাঁর দল। সেন্ট লুসিয়ার ৭ উইকেটে করা ১৪২ রান ১৫ বল ও ৬ উইকেট হাতে রেখেই টপকে গেছে জ্যামাইকা। ক্রিস গেইল ৩১ বলে ৪০ ও ম্যাচসেরা আন্দ্রে রাসেল মাত্র ১৯ বলে ৩ চার ৪ ছয়ে করেছেন অপরাজিত ৪৭ রান।৬ চার ও ৩ ছয়ে ৭৫—তামিম এই এক ইনিংসেই টপকে গেছেন আগের চার ম্যাচের মোট রানকে। ২২, ৬, ৩৩ ও ১—প্রথম চার ম্যাচে এই ছিল তামিমের রান। সব ধরনের ক্রিকেট মিলিয়ে গত শ্রীলঙ্কা সফরের প্রথম ওয়ানডের পর এই প্রথম ফিফটি পেরোলেন ২৪ বছর বয়সী বাংলাদেশি ওপেনার। মাঝের ১১ ইনিংসে তামিম সর্বোচ্চ ৪৯ রান করেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে। পাঁচ ম্যাচের চারটিতেই হার। পয়েন্ট তালিকায় সবার নিচে থাকা সেন্ট লুসিয়ার সেমিফাইনালে ওঠার আশাটা ফিকে হয়ে গেছে অনেকটাই।এর আগে ঈদের দিন সকালে সাকিব আল হাসানের দল বারবাডোজ ট্রাইডেন্টের কাছে ফিরতি ম্যাচেও হেরেছে তামিমের দল। বারবাডোজের ১৭৫ রান তাড়া করে মাত্র ৯২ রানেই অলআউট, সেন্ট লুসিয়া হেরে যায় ৮৩ রানে। এই জয়ে চার ম্যাচের সব কটিতেই জিতে পয়েন্ট টেবিলে সবার ওপরে বারবাডোজ। ব্যক্তিগত লড়াইয়ে তামিমের (৪ বলে ১) চেয়ে সাকিব বেশি রান (৯ বলে ১২) করলেও ব্যর্থ তিনিও। বোলিংয়ে ২ ওভারে ১৫ রান দিয়ে কোনো উইকেট পাননি ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার। গত রাতেই হয়ে গেছে বারবাডোজের পঞ্চম ম্যাচ। সাকিবদের প্রতিপক্ষ ছিল গায়ানা আমাজন ওয়ারিয়র্স। তথ্যসূত্র: ক্রিকইনফো।