বিফলে ফরেস্টের সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখনো কখনো চিত্রনাট্য লেখার ভার ভাগ্যদেবী নিজ হাতে তুলে নেন। কাল হোবার্টে যেমন হলো। ওয়ানডেতে পন্টিং-উত্তর যুগে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচটিই কিনা পড়ল পন্টিংয়ের ঘরের মাঠে! অথচ ‘আহা রিকি নেই’—তাসমানিয়ার দর্শকদের এই আক্ষেপের সুযোগই মিলল না। কারণ পন্টিংয়েরই ‘তিন নম্বর’ জায়গাটি দখল করলেন যে তরুণ, সেই পিটার ফরেস্টের ব্যাটে এল দুর্দান্ত এক সেঞ্চুরি।শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার জয় আর ফরেস্টের ম্যাচসেরা হওয়াটা ছিল গল্পের স্বাভাবিক গতিপথ। কিন্তু চিত্রনাট্যে ‘ক্লাইমেক্স’ এনে দিলেন ভাগ্যদেবী। ফরেস্টের প্রথম সেঞ্চুরি আর দুই ম্যাচ পর ফেরা অধিনায়ক ক্লার্কের ৭২ শেষ পর্যন্ত বৃথা গেল। বৃথা গেল দুজনের ১৫৪ রানের জুটিও। এ মাঠে রেকর্ড রান তাড়া করে ৩ উইকেটে জিতল শ্রীলঙ্কা। আর সেই জয়ে সেরা হলেন মাহেলা জয়াবর্ধনে, এর আগে যে হোবার্টে আগের তিন ইনিংস মিলিয়ে করেছিলেন মাত্র ১৫ রান।দিনেশ চান্ডিমালও ৮০ রান করে বড় ভূমিকা রেখেছেন এই জয়ে। তার পরও জয়াবর্ধনের হাতে পুরস্কারটি উঠল প্রথম তিন জুটিতে রাখা তাঁর অবদানের জন্য। এই তিন জুটিতে শ্রীলঙ্কা রান তুলেছে ৫৫, ৩৫, ৬৩। চান্ডিমালের সৌজন্যে পরের দুটি জুটিতেও এসেছে ৪৯, ৪১। বোঝা যাচ্ছে, শুরু থেকেই হালটা ঠিকমতো ধরে রেখেছিল শ্রীলঙ্কা। যদিও উত্তেজনাকর সমাপ্তিই দেখেছে ম্যাচটি।শেষ ছয় ওভারে শ্রীলঙ্কার দরকার ছিল ৩৯ রান, হাতে ছয় উইকেট। জয়টা সময়ের ব্যাপার মাত্র। চান্ডিমালও উইকেটে। পর পর দুই ওভারে চান্ডিমাল-মাহারুফ আউট হয়ে গেলে পরিস্থিতি রং বদলায়। ৪৯ ওভারের তৃতীয় বলে সপ্তম ব্যাটসম্যান হিসেবে অ্যাঞ্জেলো ম্যাথুস যখন ফিরে গেলেন, অস্ট্রেলিয়ার দিকেই জয়ের পাল্লা। ৯ বলে শ্রীলঙ্কার দরকার ১৪। কিন্তু ওই ওভারের চতুর্থ আর পঞ্চম বলে চার-ছয় মেরে ম্যাচটা একরকম শেষ করে দিলেন থিসারা পেরেরা। শেষ ওভারে দরকার ছিল মাত্র ৩। দ্বিতীয় বলে চার মেরে জয়ের বন্দরে নোঙর ফেলার কাজটি সারলেন কুলাসেকারা।টুর্নামেন্টে টানা তৃতীয় জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল শ্রীলঙ্কা। ফাইনালে ওঠার আশা ভারতের জন্য ফিকে হয়ে গেল আরও। শেষ দুটি ম্যাচ জেতা ছাড়া গতি নেই তাদের। এর ওপর আবার দলে বিভেদের গুঞ্জন। আগামীকাল সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাই অগ্নিপরীক্ষা ধোনির দলের।সংক্ষিপ্ত স্কোরঅস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৮০/৬ (ওয়েড ৫, ওয়ার্নার ৭, ফরেস্ট ১০৪, ক্লার্ক ৭২, মাইক ২১, ডেভিড ৪০, ক্রিস্টিয়ান ৬, লি ২০*; মালিঙ্গা ১/৫৬, কুলাসেকারা ১/৫৯, মাহারুফ ১/৪০, হেরাথ ১/৪৫, ম্যাথুস ২/৪৩)। শ্রীলঙ্কা: ৪৯.২ ওভারে ২৮৩/৭ (জয়াবর্ধনে ৮৫, দিলশান ৩, সাঙ্গাকারা ২২, চান্ডিমাল ৮০, থিরিমান্নে ২৪, ম্যাথুস ২৪, মাহারুফ ৫, পেরেরা ২১*, কুলাসেকারা ৪*; হিলফেনহস ২/৫১, হ্যারিস ১/৪৩, ক্রিস্টিয়ান ৩/৫৩, ডোহার্টি ১/৩৫)। ফল: শ্রীলঙ্কা ৩ উইকেটে জয়ী। ম্যাচসেরা: মাহেলা জয়াবর্ধনে।