বিবর্ণ কাবাডিতে রঙের ছটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কোনো কাবাডি ম্যাচ ফেসবুক-ইউটিউবে সরাসরি সম্প্রচার হয়নি আগে। পরশু শুরু হতে যাওয়া স্বাধীনতা দিবস কাবাডির চূড়ান্ত পর্ব এই প্রথম তা দেখতে যাচ্ছে। অবহেলিত জাতীয় খেলা কাবাডির জন্য যা একেবারেই নতুন।
টুর্নামেন্টটি আয়োজনের জন্য বেছে নেওয়া হয়েছে মিরপুর হোসেন শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম। সেখানে রঙিন একটা আবহ তৈরির চিন্তা আছে। এলইডি টিভি স্ক্রিন থাকবে। ভাবলেই শিহরিত হবেন বাংলাদেশের কাবাডি খেলোয়াড়েরা। প্রো-কাবাডি দেখে দেখে তাঁদের এত দিনের আফসোস ছিল, ইশ্ বাংলাদেশেও যদি এমন কিছু হতো!
ভারতের প্রো-কাবাডি লিগের মতো বিশাল কোনো আয়োজন হয়তো নয়। ওটার ধারেকাছে যাওয়ার সামর্থ্যও হয়নি বাংলাদেশের। তবে বিবর্ণ কাবাডির গায়ে কিছুটা রং লাগাতেই ব্যতিক্রমী এই আয়োজন। সম্প্রতি বিশৃঙ্খলা, অদক্ষতা আর দুর্নীতির অভিযোগে কাবাডির নেতৃত্ব বদলে নতুন অ্যাডহক কমিটি করা হয়েছে। সেই কমিটিই এবারের স্বাধীনতা দিবস কাবাডিকে ছড়িয়ে দিয়েছে তার চেনা গণ্ডির বাইরে। আর এই প্রথম একটি ইভেন্ট ব্যবস্থাপনা প্রতিষ্ঠান যুক্ত হয়েছে কাবাডির ঘরোয়া টুর্নামেন্টে।
এই টুর্নামেন্টে এত দিন খেলত সার্ভিসেস দলগুলো। প্রচারের আলোর বাইরে কেমন যেন নিষ্প্রাণ ছিল টুর্নামেন্ট। কিন্তু এটিকে আরও অর্থবহ করতে এবার তা শুরুই হয়েছে উপজেলা পর্যায়ে। ৫ হাজার ২০৮ জন খেলোয়াড়ের অংশগ্রহণ, বাংলাদেশের কোনো কাবাডি টুর্নামেন্ট এত খেলোয়াড় আগে দেখেনি। জাতীয় চ্যাম্পিয়নশিপ হয় বড় আকারে, কিন্তু সেটি উপজেলা পর্যায়ে যায় না।
এই স্বাধীনতা দিবস টুর্নামেন্টে ৪৬০টি উপজেলায় খেলা শেষে আসে জেলা পর্যায়ে, পরে বিভাগীয় পর্যায়ে। বেছে নেওয়া হয় আট আঞ্চলিক চ্যাম্পিয়নের শীর্ষ তিন দলকে। সেই তিন দলের সঙ্গে চূড়ান্ত পর্বে যোগ দিয়েছে সাতটি সার্ভিসেস দল।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে গতকাল টুর্নামেন্টের লোগো উন্মোচন অনুষ্ঠানে ঘোষণা করা হয় বসুন্ধরা গ্রুপের নাম। বসুন্ধরা প্রেজেন্টস স্বাধীনতা কাপ কাবাডির আয়োজন তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনতেই—এমনটাই বললেন কাবাডি ফেডারেশনের সভাপতি পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক। এ-ও বললেন, বিকেএসপিতে একটি খেলা হিসেবে অন্তর্ভুক্ত হতে এরই মধ্যে আবেদন করেছে কাবাডি।