বিবর্ণ সিরি ‘আ’ শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের ইউরোতে তীরে তরি ডুবলেও ইতালি রাঙিয়েছে অনেক ফুটবলপ্রেমীর মন। কিন্তু আজ মাঠে গড়ানো সিরি ‘আ’ কতটুকু মন রাঙাবে, বলা মুশকিল।ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে এমনিতেই ইতালিয়ান ফুটবল জেরবার। তার ওপর মাঠ কাঁপানো অনেক তারকার বিদায়। জ্লাতান ইব্রাহিমোভিচ, থিয়াগো সিলভা, এজকুয়েল লাভেজ্জিরা অন্য লিগে পাড়ি জমিয়েছেন। শূন্যস্থান পূরণে বড় কোনো তারকা আসেননি। তার ওপর লিগ শুরুর আগেই ম্যাচ পাতানোর শাস্তি হিসেবে আটলান্টা, সিয়েনার পয়েন্ট হারিয়েছে। সিরি ‘আ’তে ফিরে আসা সাম্পদোরিয়া ও তুরিনোও হারিয়েছে পয়েন্ট। সমস্যার শেষ নেই। ইতালির ক্লাবগুলো এখন আর্থিক সংকটে টালমাটাল। বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস এবারও শিরোপার বড় দাবিদার, তবে ম্যাচ পাতানোর খড়গে কোচ আন্তনিও কন্তের ১০ মাসের বহিষ্কারাদেশ দলটার জন্য বড় আঘাতই। কন্তে দলের সঙ্গে এখনো আছেন, তবে ম্যাচে ডাগ আউটে থাকতে পারবেন না। সেখানে থাকবেন সহকারী মাসিমো কারেরা।জুভেন্টাসের এই দুর্দশার সবচেয়ে বড় ফায়দা তুলতে পারত এসি মিলান। উল্টো তারা এখন একেবারেই খর্বশক্তির দল। প্যারিস সেন্ট জার্মেইনের ছোবলে ইব্রা, সিলভাদের হারিয়েছে মিলান। দল ছেড়েছেন দীর্ঘদিনের সৈনিক ক্ল্যারেন্স সিডর্ফও। মিলান যেন অনেকটা ক্রান্তিলগ্নই পার করছে, কোচ মাসিমিলিয়ানো আলেগ্রিও তাই তুরিনের ‘ওল্ড লেডি’ জুভেন্টাসকেই স্কুডেট্টোর সবচেয়ে বড় দাবিদার মানছেন। বলার মতো যা একটু সওদা করেছে ইন্টার মিলানই। কাসানো তো আছেনই, গোলরক্ষক সামির হান্দানোভিচ, মিডফিল্ডার ওয়াল্টার গারগানো, স্ট্রাইকার রদ্রিগো প্যালাসিওকে দলে ভিড়িয়ে লড়াই করার মতো একটা দল দাঁড় করিয়েছে আন্দ্রেয়া স্ত্রামাক্কিওনির দল।গত মৌসুমের কোপা ইতালিয়া জয়ী নাপোলিও এবার লাভেজ্জিকে হারিয়েছে। তবে আশার কথা, তুরুপের তাস কাভানি এখনো আছেন। ঘরের ছেলে ড্যানিয়েলে ডি রসিকে হারানোর শঙ্কায় ছিল রোমা, তবে রসি দল ছাড়েননি।আজ জুভেন্টাস খেলবে পার্মার সঙ্গে। আগামীকাল নামছে মিলান। প্রতিপক্ষ সাম্পদোরিয়া। নবাগত পেসকারার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করছে ইন্টার। এএফপি।