বিবর্তনের বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষাটের দশকের শুরুতে ইংল্যান্ডের ঘরোয়া কাউন্টি চ্যাম্পিয়নশিপ জনপ্রিয়তা হারানো শুরু করে। দলগুলোর অতিরিক্ত ‘পেশাদারি’ ও ঋণাত্মক মানসিকতা মানুষের আগ্রহের কেন্দ্র থেকে ক্রিকেটকে সরিয়ে দেয় অনেক দূর। একই ধরনের খেলা মানুষকে করে তোলে আগ্রহহীন। ক্রিকেট মাঠে লোকজন আসা কমে যেতে থাকে আশঙ্কাজনকভাবে। এমন একটা পরিস্থিতিতে ইংলিশ ক্রিকেট বোর্ড ও কাউন্টি দলগুলো পড়ে যায় দারুণ লোকসানের মুখে। এ রকম একটা অবস্থা থেকে বেরিয়ে আসার লক্ষ্যে ১৯৬২ সালে ‘মিডল্যান্ডস নকআউট কাপ’ নামে একটি সীমিত ওভারের প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রতিযোগিতায় কাউন্টির সেরা চারটি দল নক আউট পদ্ধতিতে একে অপরের মোকাবিলা করে। মিডল্যান্ডস কাপ মোটামুটি সাড়া ফেলে ক্রিকেটামোদীদের কাছে। ১৯৬৩ সালে বিশ্বখ্যাত শেভিং সরঞ্জামাদি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘জিলেট’ এগিয়ে আসে ক্রিকেটের কল্যাণে। তাদের পৃষ্ঠপোষকতায় চালু হয় ‘জিলেট কাপ’। জিলেট কাপ দারুণ সাফল্যের সঙ্গে চলে আরও তিন বছর। ১৯৬৯ সালে ইংল্যান্ডে সানডে লিগের প্রচলন হয়। এই সানডে লিগ ছিল সীমিত ওভারের ক্রিকেট প্রতিযোগিতা। ইতিহাসের ঠিক এমনই একটা সময়ে টেস্ট খেলুড়ে দেশগুলোকে নিয়ে ক্রিকেটের বিশ্বকাপ আয়োজনের চিন্তা আসে আইসিসির মাথায়।১৯৭১ সালের অ্যাশেজ সিরিজের মেলবোর্ন টেস্ট ছিল বৃষ্টি বিঘ্নিত। পাঁচ দিনের চার দিনই নষ্ট হয়ে যায় বৃষ্টির কারণে। এ সময় আয়োজকদের মধ্যে দর্শকদের টিকিট কেনার ক্ষতি পুষিয়ে দেওয়ার তাড়না থেকেই ইতিহাস-সাক্ষী হয় প্রথম এক দিনের আন্তর্জাতিক ম্যাচের। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার সেই ম্যাচটি ছিল ৪০ ওভারের। প্রতিটি ওভারে বোলারকে করতে হয়েছিল আটটি করে বল। ইতিহাসের প্রথম ওয়ানডে রীতিমতো বিপ্লব তৈরি করে ক্রিকেটবিশ্বে। একদা ম্যাড়মেড়ে খেলায় পরিণত ক্রিকেট ফিরে পায় প্রাণ। তারুণ্যদীপ্ত এক অধ্যায় রচিত হয় ক্রিকেট বিশ্বে।এদিকে, ওয়ানডে ক্রিকেট প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর আইসিসি তোড়জোড় শুরু করে ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের। তবে, সেটা ১৯৭৫ সালের আগ পর্যন্ত আলোর মুখ দেখেনি। ১৯৭৫ সালের গ্রীষ্মে ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত হয় বিশ্বকাপ ক্রিকেট। ইংল্যান্ডে আয়োজিত সেই বিশ্বকাপের পৃষ্ঠপোষক ছিল ইংলিশ বিমা ও আর্থিক প্রতিষ্ঠান প্রুডেন্সিয়াল ইনকরপোরেশন লিমিটেড। মাত্র ২৮ হাজার পাউন্ডের প্রাইজ মানি নিয়ে আয়োজিত সে বিশ্বকাপ ছিল ক্রিকেটকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার প্রথম পদক্ষেপ মাত্র।পরের তিনটি বিশ্বকাপও আয়োজিত হয় ইংল্যান্ডে। স্পন্সর প্রতিষ্ঠান ছিল সেই প্রুডেন্সিয়ালই। প্রুডেন্সিয়াল প্রথম তিনটি বিশ্বকাপেই পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন করে অমর হয়ে আছে ক্রিকেট ইতিহাসে।১৯৮৭ সালে ইংল্যান্ডের বাইরে প্রথমবারের মতো আয়োজিত হয় বিশ্বকাপ ক্রিকেট। অনেকে বলে থাকে, ক্রিকেটকে ‘বিশ্বক্রীড়া’য় পরিণত করার আরও একটি বড় পদক্ষেপ ছিল ভারত ও পাকিস্তানে আয়োজিত সে বিশ্বকাপ। সেবার আইসিসিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ভারতের বিখ্যাত রিলায়েন্স গ্রুপ। ইতিহাসে সেই বিশ্বকাপ ‘রিলায়েন্স কাপ’ নামেই পরিচিত।১৯৯২ সালের বিশ্বকাপ ছিল আরও একটি বিপ্লব। সেবারই প্রথমবারের মতো দিবা-রাত্রির খেলা ও খেলোয়াড়দের রঙিন পোশাক, প্যাড ও হেলমেট ব্যবহূত হয়। প্রতিটি খেলা অনুষ্ঠিত হয়েছিল কালো সাইট স্ক্রিন ও সাদা বলে। সেই সঙ্গে প্রতিটি খেলার সঙ্গে যুক্ত হয় দুর্দান্ত টেলিভিশন সম্প্রচার। তত্কালীন সময়ে নয়টি ক্যামেরায় সম্প্রচারিত খেলাগুলো স্যাটেলাইট টেলিভিশনের মাধ্যমে ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। ক্রিকেট পেয়ে যায় বিশ্ব ক্রীড়াঙ্গনে নতুন এক দিগন্তের সন্ধান। জনপ্রিয়তায় এটি চলে আসে ফুটবল ও রাগবির পরপরই। এত কিছুর পরে সেবারও বিশ্বকাপ ক্রিকেটের পৃষ্ঠপোষকতায় বৈচিত্র্য নিয়ে আসতে পারেনি আইসিসি। সিগারেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেনসন অ্যান্ড হেজেস প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করেছিল সেবার। বেনসন অ্যান্ড হেজেসের বদান্যতায় বিশ্বকাপ সেবার পেয়েছিল ক্রিস্টালে নির্মিত চমত্কার এক ট্রফি।১৯৯৬ সালে বিশ্বকাপ ক্রিকেট আবার ফিরে আসে উপমহাদেশে। তত দিনে স্যাটেলাইট সম্প্রচার প্রাতিষ্ঠানিকতা পেয়ে গেছে বিশ্বময়। সেবারই বিশ্বকাপের বিপণন লাভ করে নতুন মাত্রা। আরও একটি সিগারেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান উইলস এই বিশ্বকাপের স্পন্সর হলেও ’৯৬-এর আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করে টেলিভিশন স্বত্ব। সেবারই কোটি ডলারের বিনিময়ে আইসিসি বিশ্বকাপের টেলিভিশন সম্প্রচার স্বত্ব বিক্রি করে ওয়ার্ল্ডটেল নামের একটি প্রতিষ্ঠানের কাছে। ওয়ার্ল্ডটেল ’৯২-এর বিশ্বকাপের চেয়েও বেশি ক্যামেরা ব্যবহার করে বিশ্বকাপকে করে তোলে দারুণ আকর্ষণীয়। সেবার বিশ্বকাপের অফিসিয়াল পানীয়ের মর্যাদা পেতে পেপসি ও কোকাকোলার লড়াইও ইতিহাস হয়ে আছে। শেষ পর্যন্ত পেপসিকে ল্যাং মেরে বিশ্বকাপ ক্রিকেটের অফিসিয়াল পানীয়ের মর্যাদা পেয়ে যায় কোক। বিশ্বকাপের অফিসিয়াল পানীয় না হতে পেরে পেপসির সেই বিখ্যাত ট্যাগলাইন ‘নাথিং অফিসিয়াল অ্যাবাউট ইট’ আজও মানুষের মুখে মুখে ফেরে।নিরানব্বইয়ে এসে বিশ্বকাপে কিছু গুণগত পরিবর্তন আসে। সেবার স্পন্সরশিপে আসে ব্যাপক বৈচিত্র্য। সেবার একটি অফিসিয়াল স্পন্সরের জায়গায় আইসিসি বেছে নেয় বেশ কয়টি প্রতিষ্ঠানকে। ট্রফির ব্যাপারে আইসিসি ফিফার পথে হাঁটে। সিদ্ধান্ত হয়, অফিসিয়াল ট্রফির। ইংল্যান্ডের জেরার্ড অ্যান্ড কোম্পানি তৈরি করে ৬০ সেমি উচ্চতার এই ট্রফিটি। প্লেটোনিক মাত্রায় তৈরি এই ট্রফিটির ওজন ১১ কেজি। ১৯৯৯-এর ইংল্যান্ড বিশ্বকাপ থেকেই প্রচলন হয় বিশ্বকাপ ক্রিকেটের এই রানিং ট্রফিটির। বিশ্বকাপ ফুটবলের মতো এই ট্রফিটি চ্যাম্পিয়ন দল কিছু সময়ের জন্য হাতে নিতে পারে। এরপর তাদের দেওয়া হয় একটি রেপ্লিকা। ১৯৭৫ সালে হাঁটি হাঁটি করে যে বিশ্বকাপের যাত্রা শুরু হয়েছিল, কালের বিবর্তনে তা এখন অনেক পরিণত, অনেক বেশি অর্থকরী। ক্রিকেটকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার যে ব্রত নিয়ে বিশ্বকাপের প্রচলন হয়েছিল, তা এখন অনেকটাই বাস্তব। আটটি দলের অংশগ্রহণে যে বিশ্বকাপের শুরুটা হয়েছিল, সেই বিশ্বকাপের কলেবর এখন ১৪টি দলের। বিশ্বকাপ ক্রিকেটকে নতুন মাত্রা দিয়েছে। ক্রিকেটের পাওয়ার হাউসে যুক্ত করেছে কমপক্ষে তিনটি দেশকে। সনাতনী ধ্যান-ধারণা পেছনে ফেলে বিশ্বকাপে আকৃষ্ট হয়ে অনেক দেশই ক্রিকেটকে অগ্রগণ্য ক্রীড়া হিসেবে স্বীকৃতি দিয়েছে। বিবর্তনের বিশ্বকাপের সাফল্য তো এগুলোই।