বিবাহোত্তর সংবর্ধনা আগামীকাল
শুভ কাজে দেরি করতে নেই—বিয়ের উদ্যোগ নিলে গুরুজনেরা প্রায়ই এ মন্তব্য করে বসেন। আপাতত সানিয়া মির্জা আর শোয়েব মালিকের তড়িঘড়ি বিয়ের কারণ হিসেবে জানা যাচ্ছে এই শুভস্য শিঘ্রম বচনটাই। বিতর্ক থিতিয়ে আসতেই দুই পক্ষের অভিভাবকেরা পরশু সকালেই সিদ্ধান্ত নেন, নতুন কোনো ঝুট ঝামেলা পাকিয়ে ওঠার আগেই বিয়েটা সেরে ফেলা উচিত। সেই সিদ্ধান্ত দ্রুত পাকা করে ফেলায় বিস্মিত সাংবাদিকেরা আবিষ্কার করেন, মালিক-সানিয়া বিয়ের পোশাকে তাজ কৃষ্ণা হোটেলে। এর আগেই অবশ্য সানিয়ার মুখপাত্র হায়দরাবাদে মির্জা বাড়ির সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের জানিয়ে দেন, বিয়েটা সোমবারই হচ্ছে। তবে সময় আর স্থান জানানো হবে না কোনো ঝামেলা এড়ানোর জন্য। বিয়েতেও নিষিদ্ধ ছিলেন সাংবাদিকেরা। পরে অবশ্য অনুষ্ঠান সম্পন্ন হলে তাঁদের ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হয় ছবি তোলার জন্য।নববধূকে উপহার হিসেবে ঝা চকচকে একটা গাড়ি দিয়েছেন মালিক। এ ছাড়া ধর্মীয় রেওয়াজ অনুযায়ী দেনমোহর হিসেবে দিয়েছেন ৬১ লাখ রুপি। গতকাল, আজ এবং পরশু তিন দিনই উৎসব চলবে। এই উৎসবের মধ্যে থাকবে মেহেদি, গানের অনুষ্ঠান। ১৫ তারিখ সংবর্ধনা। ওদিকে লাহোরেও সাড়ে ছয় কোটি রুপি ব্যয়ে প্রীতিভোজের আয়োজন চলছে। ওই প্রীতিভোজে পাকিস্তানের এক মন্ত্রী নবদম্পতিকে উপহার হিসেবে সোনার মুকুটও দেবেন বলে জানা গেছে। লাহোরের প্রীতিভোজ ১৮ এপ্রিল। সানিয়া তাঁর আসল শ্বশুরবাড়ি শিয়ালকোটে সংবর্ধনা পাবেন ১৯ কিংবা ২০ এপ্রিল। ওয়েবসাইট।