বিব্রত গিবসন 'লড়াই' চান

হারকেও সব সময়ই ইতিবাচকভাবে নেন ওটিস গিবসন। পারফরম্যান্স যত খারাপই হোক, খেলোয়াড়দের পাশে দাঁড়ান ওয়েস্ট ইন্ডিজ কোচ। ওয়েলিংটনে দলের অসহায় আত্মসমর্পণ দেখে সেই গিবসনেরই ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। পরশু ম্যাচ শেষে শান্ত গিবসন হঠাৎই অগ্নিমূর্তি। ড্রেসিংরুমে খেলোয়াড়দের ধুয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ কোচ।
ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিনেই হারের পর কাল ওয়েলিংটনের বেসিন রিজার্ভে করল রুদ্ধদ্বার অনুশীলন। পরের টেস্টের প্রস্তুতি। অনুশীলন শেষে আগের দিনের ড্রেসিংরুমের গরম খবরটি দিলেন গিবসনই। ইনিংস ও ৭৩ রানের হারটা তাঁর কাছে ‘লজ্জাজনক’, খেলোয়াড়দের বিদ্ধ করেছেন ‘লড়াকু মানসিকতায় ঘাটতি’ আছে বলে, আহ্বান জানিয়েছেন ‘জেগে ওঠার’।
পরশু তৃতীয় দিনেই ১৬ উইকেট খুইয়ে চা-বিরতির পরপরই ক্যারিবীয়রা নত মস্তকে মেনে নিয়েছে পরাজয়। এভাবে হুড়মুড় করে ভেঙে পড়াটা মানতে পারেননি গিবসন, ‘আমরা কিছু ভালো ক্রিকেট খেলেছি। ভারত সিরিজটা ছিল আমাদের জন্য কঠিন। কিন্তু এখানে এসে আমরা নিজেরাই নিজেদের কাজটা কঠিন করে তুলেছি। নিউজিল্যান্ড খুবই ভালো খেলেছে। তাদের জবাব দিতে আমরা সোজা হয়ে দাঁড়াতে পারিনি।’
ক্যারিবীয়দের সর্বনাশটা হয়েছে ট্রেন্ট বোল্টের সুইংয়ে। দুই ইনিংস মিলিয়ে ৮০ রানে বোল্ট নিয়েছেন ১০ উইকেট, যা বাঁহাতি পেসারের ক্যারিয়ার-সেরা বোলিং। ওয়েবসাইট।
গিবসনের অস্বস্তিই নিউজিল্যান্ডের কোচ মাইক হেসনের জন্য স্বস্তির। গত বছর রস টেলরের কাছ থেকে বিতর্কিতভাবে অধিনায়কত্ব কেড়ে নেওয়ার পর থেকে দলকে জয় এনে দিতে পারছিলেন না হেসন-ম্যাককালাম জুটি। অধিনায়ক ম্যাককালাম তো বটেই; কোচ হেসনের জন্যও ব্যাপারটা ছিল বিব্রতকর। অবশেষে ম্যাককালামের নেতৃত্বে প্রথম জয় পাওয়ায় কিউই কোচ খুশি।