বিব্রত বোর্ড সভাপতিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে সম্ভাব্য নতুন ক্রিকেট স্টেডিয়ামের জায়গা দেখে এসেছেন। সেখান থেকে চট্টগ্রামে ফিরে দেখলেন দেশের দ্বিতীয় আন্তর্জাতিক ভেন্যুর করুণ দশা। বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামালের কালকের দিনটা কেটেছে মাঠে মাঠেই।তবে কাল বিকেলে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এসে বেশ বিব্রতই ছিলেন মুস্তফা কামাল। আকাশে জ্বলজ্বলে সূর্য, তার পরও রাতের হালকা বৃষ্টিতে ভেজা মাঠ ক্রিকেট উপযোগী নয়! মাঠে দাঁড়িয়েই বোর্ড সভাপতি তাই বললেন, ‘মাঠের অবস্থা অত্যন্ত খারাপ। আপনাদের মতো আমিও ভীষণ বিব্রত।’কিন্তু সময়মতো মাঠ সংস্কারের কাজ হলে তো এমন বিব্রত হতে হতো না কাউকেই! বোর্ড সভাপতি সেই দায় চাপিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ওপর, ‘জাতীয় ক্রীড়া পরিষদ ৬০ কোটি টাকা খরচ করেছে এই মাঠের পেছনে। কী কাজ করেছে, সেটা তাদেরই জিজ্ঞেস করুন। আমরা তো কাজ করিনি।’ তিনি অবশ্য এও বলেছেন, ‘এনএসসিকে দোষ দেওয়া যাবে না। আসল কারণ হলো টানা বৃষ্টি।’বৃষ্টির সময় চট্টগ্রামের মাঠ সব সময়ই ঝুঁকিপূর্ণ। দেশে আরও আন্তর্জাতিক ভেন্যু থাকার পরও কেন এই সময়ে খেলা দেওয়া হলো জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে? সভাপতির ব্যাখ্যা, ‘এটা চট্টগ্রামের মানুষের দাবি। তারা বলে চট্টগ্রামে বাংলাদেশ ভালো খেলে, তাই এখানে আরও ম্যাচ দিতে হবে। ঢাকাকে বাদ দিয়েও তারা চট্টগ্রামে বেশি ম্যাচ খেলাতে চায়। মানুষের দাবিকে তো আমি প্রত্যাখ্যান করতে পারি না।’ সংস্কারের পর খুলনা স্টেডিয়াম এখনো খেলা আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত নয়। তবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম মাঠ-উইকেট এবং সুযোগ-সুবিধার দিক দিয়ে দেশের শীর্ষ ক্রিকেট ভেন্যুর তালিকাতেই ছিল। অথচ ২০০৬-এর ডিসেম্বরের পর একটিও আন্তর্জাতিক ম্যাচ সেখানে হলো না! সভাপতির ব্যাখ্যা, ‘বগুড়ায় খেলা দিতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে। বগুড়ায় বিমানবন্দর কোথায়? ওখানে কেবল জিম্বাবুয়েকেই নেওয়া যায়। ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে বলে দেখুন, তারা বগুড়ায় যাবে না।’অতীতেও দেখা গেছে সামান্য বৃষ্টিতেই খেলা হওয়াটা অসম্ভব হয়ে পড়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। তবে তাতে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে ওটা হুমকির মধ্যে পড়বে না বলে বিশ্বাস তাঁর, ‘বৃষ্টির সময় সব দেশেই এমন হয়। সমস্যা হলো আমরা এখনো এ মাঠের জন্য ভালো নিষ্কাশনব্যবস্থা করতে পারিনি।’বোর্ড সভাপতির আশা, আগামী ডিসেম্বর নাগাদ আধুনিক পানিনিষ্কাশন-ব্যবস্থার কাজ শুরু করা যাবে এ মাঠে। কাজ শেষ হতে কমপক্ষে ছয় মাস সময় লাগবে। এনএসসিকে নাকি বোর্ড থেকে সেটা বলাও হয়েছে। কিন্তু বৃষ্টি যদি তখনো হয়? ‘তাহলে তো বাংলাদেশে ক্রিকেট হবে না! ক্রিকেট শেষ হয়ে যাবে’—আশঙ্কা মুস্তফা কামালের।