বিব্রত বোর্ডার এখন গর্বিত

সপ্তাহ দুয়েকের ব্যবধান। পাল্টে গেল ধারণা, মুছে গেল সংশয়। প্রথম দুই টেস্টের পারফরম্যান্সে যে মাইকেল ক্লার্কদের ধুয়ে দিয়েছিলেন, তাদেরই এখন বুকে আগলাচ্ছেন অ্যালান বোর্ডার। লর্ডস টেস্টের পর উত্তরসূরিদের পারফরম্যান্সকে সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক বলেছিলেন ‘বিব্রতকর।’ ওল্ড ট্রাফোর্ডের পারফরম্যান্সে সেই তিনিই এখন উত্তরসূরিদের নিয়ে গর্বিত। বলছেন, ইংল্যান্ডই এখন চাপে আছে! বৃষ্টি বাধা হয়ে না দাঁড়ালে হয়তো ওল্ড ট্রাফোর্ডে জিতেই যেত ক্লার্কের দল। ম্যাচের ফলাফলে শেষ পর্যন্ত ড্র লেখা থাকলেও ‘নৈতিক’ জয়টা অস্ট্রেলিয়ারই হয়েছে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া দলের এই পারফরম্যান্সে মুগ্ধ বোর্ডার, ‘১৪ দিনের ব্যবধানে এই অস্ট্রেলিয়া দলকে নিয়ে আমার ধারণা ও তিক্ত অনুভূতি বদলে গেছে। ইংল্যান্ড অ্যাশেজ ধরে রেখেছে, ওদের সাধুবাদ জানাই। কিন্তু এই অনভিজ্ঞ অস্ট্রেলিয়া দলের পারফরম্যান্স দেখে আমার হূদয় বিশ্বাসে ভরে উঠেছে।’ ওল্ড ট্রাফোর্ডের অস্ট্রেলিয়াকে দেখে বোর্ডারের মনে পড়ে গেছে ১৯৮৬-৮৭ অ্যাশেজের কথা। সেবার সিরিজ হারলেও শেষ ম্যাচটা জিতেছিল বোর্ডারের তরুণ দল। ওই ম্যাচটাকেই বোর্ডার মনে করেন অস্ট্রেলিয়ান ক্রিকেটারের পালাবদলের সূচনার ম্যাচ। এরপরই ক্রিকেট-বিশ্বকে চমকে দিয়ে ১৯৮৭ বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া, পরের অ্যাশেজ (১৯৮৯) ইংল্যান্ডের মাটিতে জেতে ৪-০-তে। অ্যাশেজে অস্ট্রেলিয়ার ১৬ বছরের শ্রেষ্ঠত্বের শুরু ওই সিরিজ দিয়েই। রেকর্ড ৯৩ টেস্ট নেতৃত্ব দেওয়া বোর্ডারের ধারণা, এই দলটাও ঘুরে দাঁড়াবে, ‘ছেলেরা দেখিয়েছে সত্যিকারের লড়াই কাকে বলে। ওল্ড ট্রাফোর্ডে প্রথম থেকেই ইংল্যান্ড নেতিবাচক ক্রিকেট খেলেছে। ওভার রেট অনেক ধীরগতির করেছে, আমাদের জয় বঞ্চিত করতে যা করা প্রয়োজন, সব করেছে। শেষ পর্যন্ত বৃষ্টি ইংল্যান্ডকে বাঁচিয়ে দিয়েছে—এটাই সোজা কথা। গতি এখন অস্ট্রেলিয়ার সঙ্গে। যেভাবে এই দল এগিয়ে চলেছে, সামনে কয়েক মাসে শুধু দেখে যান।’ অস্ট্রেলিয়ান ক্রিকেটে নতুন এক যুগের নায়ক দেখছেন আরেকটি পালাবদল, ‘ওল্ড ট্রাফোর্ড প্রমাণ করেছে ইংল্যান্ড নড়বড়ে। আমাদের ছেলেদের আত্মবিশ্বাস বেড়ে গেছে। ইংল্যান্ডই এখন দুশ্চিন্তায় আছে। ওদের বেশ কিছু ভালো ক্রিকেটার আছে, কিন্তু এমন পারফরম্যান্স নিজেদের সম্পর্কে মনে এক ধরনের সংশয় সৃষ্টি করে। কুক, পিটারসেন, ট্রটদের একসময় যতটা অপ্রতিরোধ্য মনে হচ্ছিল, এখন আর তা মনে হচ্ছে না। আমার মনে হয়, আমরা মোড় ঘুরিয়ে দিতে পেরেছি।’ এএফপি।