বিভব সিংয়ের দুই সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সতীর্থ নাসির ও মার্শালের সঙ্গে ব্যাটিং নিয়েই কোনো দুষ্টুমিতে মেতে উঠলেন তামিম ইকবাল।  কাল মিরপুর স্টেডিয়ামে ষ প্রথম আলো
সতীর্থ নাসির ও মার্শালের সঙ্গে ব্যাটিং নিয়েই কোনো দুষ্টুমিতে মেতে উঠলেন তামিম ইকবাল। কাল মিরপুর স্টেডিয়ামে ষ প্রথম আলো

চিন্তিত চেহারা নিয়ে বিসিবির মেডিকেল রুমে ঢুকলেন বিভব সিং। জাতীয় দলের ফিজিও তিনি। ট্রেনার ডেভিড ডয়ারের কঠিন ফিটনেস ট্রেনিংটা সাফল্যের সঙ্গে চোটমুক্ত থেকেই পার করে দিয়েছেন ক্রিকেটাররা। সপ্তাহ খানেক বিরতির পর কাল আবার শুরু হয়েছে ব্যাট-বলে অনুশীলন। এমন একটা সময়ে বিভব সিং চিন্তিত কেন? চিন্তার কারণ দুটি। আসলে ‘সংসার’টা যখন ২৫ জনের, চিন্তিত হওয়ার কোনো না কোনো কারণ তো লেগেই থাকে। ফিটনেস ট্রেনিংয়ে কেউ চোটাঘাত পাননি, কিন্তু হঠাৎ করেই অপ্রত্যাশিত এক সমস্যায় আক্রান্ত ক্রিকেটারদের ক্যাম্প। শুধু জাতীয় বা ‘এ’ দলের নয়, সঙ্গে অনূর্ধ্ব-২৩ আর অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প মিলিয়ে মোট ১৪ ক্রিকেটার এখন আক্রান্ত চোখ ওঠা রোগে! জাতীয় দলের দুই ক্রিকেটার নাসির হোসেন আর রুবেল হোসেনও আছেন এই দলে। আছেন মোহাম্মদ মিঠুন, মাহমুদুল হাসানরাও। চোখের প্রদাহ ছোঁয়াচে বলে এ ধরনের সমস্যায় রোগীকে সবার কাছ থেকে দূরে সরিয়ে রাখারই নিয়ম। কিন্তু সেটা করলে আবার অনুশীলনটা ব্যাহত হয়। সে জন্য বড়দের অনুশীলনে নাসির আর রুবেলের আলাদা অনুশীলনের ব্যবস্থা হচ্ছে বলে জানালেন বিভব সিং। প্রয়োজনে অন্যদের বেলায়ও নেওয়া হতে পারে একই সিদ্ধান্ত। এ ছাড়া কাউকে কাউকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাড়িতেও। আর যাঁরা ক্যাম্পে আছেন, তাঁদের পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে করা হচ্ছে সতর্ক। কিন্তু ক্রিকেটারদের ক্যাম্পে হঠাৎ করে এই চোখ ওঠা ‘মহামারি’ দেখা দেওয়ার কারণ কী? বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরীর প্রাথমিক ধারণা, ‘সম্ভবত বল-বয়দের কাছ থেকে এটা ছড়িয়েছে।’ এ তো গেল এক সমস্যা। বিভব সিংয়ের দ্বিতীয় সমস্যা পেসারদের চোট নিয়ে। মাশরাফি ও নাজমুল পুরোপুরি ফিট নন, রুবেলের উঠেছে চোখ, রবিউলের হ্যামস্ট্রিংয়ে চোট আর শাহাদাত হোসেন এখনো ভুগছেন জিম্বাবুয়ে সফর থেকে নিয়ে আসার হাঁটুর সমস্যায়। এখনো বোলিং শুরু করতে পারেননি, আছেন পুনর্বাসন-প্রক্রিয়ায়। তাঁর ব্যাপারে চিকিৎসক দেবাশিস চৌধুরীর সঙ্গে কথা না বলে কোনো মন্তব্য করতে রাজি হননি বিভব। তবে সুস্থ হতে অনেক বেশি সময় লাগায় শাহাদাত নিজে খুব হতাশ। বোলিং করা তো দূরের কথা, ডাক্তার নাকি গাড়ি চালাতেও নিষেধ করে দিয়েছেন তাঁকে! মিরপুর থেকে কাছের প্রিন্স হোটেলে যাওয়ার ভাড়া করা রিকশায় ওঠার আগে বলছিলেন, ‘কী হবে, বুঝতে পারছি না। সাধারণ একটা কাজ করতে গেলেও পায়ে ব্যথা লাগছে। কবে বল করতে পারব, কে জানে!’ শাহাদাতের হাঁটুতে দুই ধরনের সমস্যা চিহ্নিত করেছেন চিকিৎসকেরা। প্রথম সমস্যার ডাক্তারি নাম ইনফ্রা প্যাটেলার টেনডিনোপ্যাথি বা জাম্পার্স নি। দ্বিতীয়টা মাইল্ড এসিএল সেপ্রইন। বিসিবির চিকিৎসক জানিয়েছেন, প্রথম সমস্যার সমাধান কেবলই ব্যায়াম। দ্বিতীয়টার বেলায় অস্ত্রোপচারের প্রয়োজন হলেও হতে পারে। কিন্তু সমস্যা হলো, ব্যথা-ট্যথা হওয়ায় আপাতত শাহাদাতের প্রথম সমস্যাটাই দৃশ্যমান। ব্যথা কমার পর বোলিং শুরু করতে পারলেই শুধু বোঝা যেত, দ্বিতীয় সমস্যাটা অস্ত্রোপচারের পর্যায়ে কিনা। সে কারণেই নাকি দুই-আড়াই মাস পুনর্বাসন-প্রক্রিয়া চলার পরও পুরোপুরি সুস্থ নন শাহাদাত। তাহলে উপায়? দেবাশিস চৌধুরীর ব্যাখ্যা, ‘ফিজিও তাকে এক মাস ধরে দেখছেন। আরও কিছুদিন দেখার পর আমরা সবকিছু পর্যালোচনা করে দেখব কী করা যায়।’ গাড়ি চালানো যত প্রিয়ই হোক, সেই ড্রাইভিং সিটে পর্যন্ত বসতে পারছেন না শাহাদাত। বল করা তো দূরের কথা।