বিভাগীয় পর্যায়ের বাছাই শুরু আজ
সারা দেশে রীতিমতো উৎসবের আমেজ ছড়িয়ে দিয়েছে খুদে ফুটবলারদের এই আয়োজন। ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার স্বপ্ন চোখে নিয়ে নাম নিবন্ধন করেছিল ৫১ হাজারেরও বেশি কিশোর। জেলা পর্যায়ে তাদের মধ্য থেকে বাছাই করা হয়েছে ১০৫৬ জনকে। আজ শুরু হচ্ছে এয়ারটেল রাইজিং স্টারস বিভাগীয় পর্বের বাছাই। আজ সকালে ঢাকা মহানগরের বাছাইপর্ব হবে কমলাপুর স্টেডিয়ামে, বিকেলে সিলেট জিলা স্কুলে সিলেট বিভাগের।বিভাগীয় দল নির্বাচনপ্রক্রিয়ায় জেলা দলগুলো নকআউট পদ্ধতিতে একে অন্যের সঙ্গে খেলবে। বাফুফের কোচরা বিভাগীয় দলের জন্য বাছাই করবেন ২৫ জনকে। চূড়ান্ত পর্বে ৭টি বিভাগের ৮টি দল (ঢাকা বিভাগ থেকে দুটি দল) নিয়ে জমজমাট একটা টুর্নামেন্ট হবে। এই চূড়ান্ত পর্ব থেকেই ১২ জনকে বেছে নেবেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচরা। এরপর তাদের নিয়ে যাওয়া হবে ওল্ড ট্রাফোর্ডে ইউনাইটেডের প্রশিক্ষণ কেন্দ্রে। টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এয়ারটেলের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ছাড়াও বিশ্বের আরও কয়েকটি দেশে চলছে অনূর্ধ্ব-১৬ ফুটবলারদের এই মহোৎসব। বাংলাদেশের আয়োজনে সহযোগী হিসেবে আছে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক প্রথম আলো। কবে কোথায় বিভাগীয় বাছাইপর্ব: ২৮ আগস্ট ঢাকায় কমলাপুর স্টেডিয়ামে ও সিলেটে সিলেট জিলা স্কুলে। ২৯ আগস্ট রংপুরে রংপুর জিলা স্কুলে ও খুলনায় খুলনা জিলা স্কুলে। ৩১ আগস্ট ঢাকা আউটার ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে ও চট্টগ্রামে এমএ আজিজ স্টেডিয়ামে। ১ সেপ্টেম্বর রাজশাহীতে রাজশাহী জিলা স্কুলে ও বরিশালে বরিশাল স্টেডিয়ামে।